প্রথম সমাচার ডেস্ক:
খুলনায় একের পর এক গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নগরজুড়ে আতঙ্কের মধ্যে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার ৬ লাখ টাকা চাঁদা না পেয়ে নগরীর মহিরবাড়ি খালপাড় এলাকায় একটি বাড়ির গেটে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মোটরসাইকেলে আসা তিন যুবক এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রায় ১০ ঘণ্টার ব্যবধানে নগরীর সাতটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার দুপুর আড়াইটার দিকে মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ স্কুলের সামনে সুমনের বাড়ির গেটে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে তিন যুবক বাড়িটির সামনে আসে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। বাড়ির গেটের সামনে পৌঁছে তারা এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, গত ১০ থেকে ১৫ দিন ধরে কয়েকজন যুবক ওই বাড়ির লোকজনের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দেওয়ায় বুধবার বাড়ির গেটে গুলি চালানো হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে।
এদিকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেজান, সত্তার ও নয়ন নামে তিনজনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড শটগানের গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সেজান শীর্ষ সন্ত্রাসী ‘বি কোম্পানি’ বাহিনীর প্রধানের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
ওসি লোকমান হোসেন বলেন, গ্রেপ্তার তিনজনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: মূল প্রতিবেদন
