নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুরে বিস্ফোরক আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৮ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এতে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গত শনিবার দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে।
আজ রোববার দুপুরে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে বাদী আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মুকসুদপুর সরকারি কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যান। এ সময় বাদীও তাদের পিছু নিয়ে জুট মিলের দিকে এগিয়ে যান। পরে পুলিশের অপর একটি টহল দল ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে তারা জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় গত শনিবার দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নিতে হবে: যুক্তরাষ্ট্র
গোপালগঞ্জে আ.লীগ অরাজকতা করলে কঠোর হবে সরকার
বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের