প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর হাতিরঝিলের একাংশের পানি গোলাপি রং ধারণ করেছে। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে এমন অদ্ভুত বিষয় লক্ষ করেছেন রাজধানীবাসী। এই ঝিলের দূষিত পানি কেন গোলাপি রং ধারণ করল, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও কৌতূহল তৈরি হয়েছে।
হাতিরঝিলের এফডিসি, মধুবাগ ব্রিজ ও পুলিশ প্লাজার অংশের পানিতে গোলাপি আভা দেখা গেছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে প্রথম আলো।
বেসরকারি ব্যাংকে কর্মরত নেসার উদ্দিন গণমাধ্যমটিকে বলেন, গত সপ্তাহে ওয়াটার ট্যাক্সিতে যাওয়ার সময় এফডিসির অংশে হঠাৎ গোলাপি রং চোখে পড়ে। এটার কারণ কী, কোত্থেকে এটি আসছে, সেটা নিয়ে যাত্রীদের মধ্যে আলাপ হয়। তবে আসল কারণ জানা যায়নি।
হাতিরঝিলে চলাচল করা ওয়াটার ট্যাক্সির একজন টিকিট চেকার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সপ্তাহখানেক আগে রাজউকের লোকজন পানিতে একধরনের রাসায়নিক ছিটিয়েছে। এরপর থেকেই রং পাল্টে গেছে।
এই লেকের তত্ত্বাবধানে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষও (রাজউক) এ বিষয়ে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। কারণ, জানতে তারা শরণাপন্ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের কাছে।
রাজউকের প্রশাসন ও অর্থ শাখার সদস্য মো. শাহিনুর আলম বলেন, ‘হঠাৎ পানিতে এই রং কেন এল, কোত্থেকে এল, সেটার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এ রহস্য উদ্ঘাটন করতে আমরা বুয়েটের সহযোগিতা নিচ্ছি।’
এরপরেই বুয়েটের বিশষজ্ঞ টিম হাতিরঝিলের বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন গভীরতায় পানির নমুনা সংগ্রহ করেছে।
বর্জ্যে ভরা হাতিরঝিলের উন্নয়নে ২০০৭ সালে ৩০২ একর জমিতে একটি প্রকল্প নেওয়া হয়। কয়েক দফা ব্যয় ও মেয়াদ বৃদ্ধির পর প্রকল্প শেষ হয় ২০২১ সালে। ২ হাজার ২৩৬ কোটি টাকা ব্যয়ে ঝিলের রাস্তাঘাট, উড়ালসড়কসহ নানা অবকাঠামো হয়েছে। ঝিলটি খননও করা হয়েছে। কিন্তু পয়োবর্জ্য ফেলা বন্ধ হয়নি। এখনও ঝিল থেকে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এর মধ্যে গোলাপি রং ধারণ করা পানি মানুষের কৌতূহল বাড়িয়েছে।

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
মেঘনা আলমকে দুদকে তলব
আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার