বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

শরীয়তপুরে পদ্মার চরে কৃষিজমি নষ্ট করে বনায়নের, ক্ষুব্ধ কৃষক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নদীভাঙনে বিলীন হয়েছিল বাপ-দাদার ভিটেমাটি ও ফসলি জমি। প্রায় ২৮ বছর পর পদ্মার বুকে আবার জেগে ওঠে সেই জমি। নতুন করে চাষাবাদ শুরু করেন পূর্বের জমির মালিকদের ওয়ারিশরা। উর্বর মাটিতে ফলাতে শুরু করেন মরিচ, মুগ, ভুট্টা ও ধানসহ নানা ফসল। কিন্তু সেই কৃষিজমিতেই এবার বনায়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন। কৃষকদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ ছাড়াই ফসলি জমি নষ্ট করে শুরু হয়েছে বৃক্ষরোপণ। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় কৃষকরা। তবে প্রশাসনের দাবি, জমিগুলো সরকারি খাস ও নদী শ্রেণিভুক্ত।

খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নটি পদ্মানদী বেষ্টিত। ডাইনগাঁও মৌজায় পদ্মার বুকে জেগে ওঠা চরে যতদূর দেখা যায়, বিস্তীর্ণ চরজুড়ে মরিচ, মুগ, ভুট্টা ও ধানসহ বিভিন্ন ফসলের আবাদ। স্থানীয়দের দাবি, একসময় এসব জমির মালিক ছিলেন তাদের পূর্বপুরুষরা। কয়েক দফা পদ্মার ভাঙনে জমিগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়। প্রায় ২৮ বছর পর আবার চর জেগে উঠলে পূর্বের মালিকদের ওয়ারিশরা সেখানে চাষাবাদ শুরু করেন। তাদের দাবি, অন্তত ৩০০ বছর ধরে এসব জমি তাদের পূর্বপুরুষদের ভোগদখলে ছিল। সরকারি তথ্য অনুযায়ী, ডাইনগাঁও মৌজার ৪৩৮ দাগের ২৭৫ একর জমিই খাস বা নদী শ্রেণিভুক্ত। এর মধ্যে প্রায় ১০০ একর জমিতে বনায়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। আর এতেই আপত্তি স্থানীয় কৃষকদের। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে চাষাবাদ করে আসা জমিতে থাকা ফসল নষ্ট করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই শুরু হয়েছে বৃক্ষরোপণের কাজ। অথচ এসব জমির ওপর নির্ভরশীল অন্তত ১০০টি পরিবার।

স্থানীয় কৃষক শরিফ আলী মোল্লা (৬৮) পাঁচ মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার চালান। পদ্মার জেগে ওঠা চরের ২০ শতাংশ জমিতে মরিচের আবাদ করেছেন তিনি। মঙ্গলবার বিকেলে কথা হয় তার সাথে। তার দাবি, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি ছিল। নদীতে বিলীন হওয়ার পর চর জেগে উঠলে আবারও সেখানে চাষাবাদ শুরু করেন। এখন সেই জমিতেই গাছ লাগানোর উদ্যোগ নেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তিনি। স্থানীয় এনজিও থেকে ৩০ হাজার টাকা কিস্তি নিয়ে চাষাবাদ করে বিপাকে পড়েছেন শরিফ আলী মোল্লা। একদিকে মরিচ গাছ নষ্ট করে প্রশাসন গাছ লাগাচ্ছে অন্যদিকে মরিচ বিক্রি করে সময় মতো টাকা দিতে না পারলে কিস্তি অফিসে কি জবাব দিবো? আমি কি করবো, কোথায় যাবো? এই জমি আমাগো বাপ দাদা গো আছিলো। নদীভাঙনে জমি হারানোর পর আবার চর জাগলে আমি সেই জমিতে মরিচ লাগাইছি। এখন এই জমি নাকি সরকার নিয়া এইহানে গাছ লাগাইবো। এই জমি লইয়া গেলে আমরা না খাইয়া মরমু। সরকার যদি এই জমি নিতে চায় আমারে মাইরা তারপর জমিডা নেয়। আমার দাবি সুষ্ঠু তদন্ত করে আমাদের পৈতৃক জমি ও ফসলের ক্ষতিপূরণ দেওয়া হউক।

একই অভিযোগ স্থানীয় কৃষক জসিম ঢালী (৬০)। তিনি বলেন, আমরা কোন দখলদার না। এই জমি আমাগো পূর্বপুরুষ গো। তারা মারা যাওয়ার পর এখন আমরা চাষাবাদ করি। পদ্মা কয়েক দফা ভাঙ্গনের পর আবার চর জাগছে। আমরা সেইখানেই চাষ করতাছি। এখন ইউএনও এসে আমাদের জমি নষ্ট করে সেখানে কাঠগাছ লাগাচ্ছে। অনেক জায়গায় খাস জমি পড়ে আছে, যেখানে ফসল হয় না। তারা সেখানে গাছ রোপণ না করে আমাদের ফসলি জমিতে গাছ লাগাচ্ছে। আমাদের দাবী এইজমি যদি খাস হয় তাহলে সরকার আমাদের বন্দোবস্ত দেক। এই জমির ফসল দিয়েই আমরা জীবন টিকিয়ে রাখছি।

আরেক কৃষক সাদেক আলী বেপারী(৫৫) বলেন, আমাগো এই সম্পত্তির বয়স তিনশো বছরের বেশি। আমার দাদায় খাইছে, তার দাদায় খাইছে। নদী ভাঙনে বিলিন হইছে, আবার চর জাগলে আমরাই চাষ করতাছি। এসব জমির ফসল বিক্রি করেই পরিবার সংসার চালাই। বনায়ন প্রকল্পের কারণে জমি হারালে আমাদের জীবিকার পথ বন্ধ হয়ে যাবে। তাই আমাদের স্বার্থ বিবেচনায় নিয়ে জমিগুলো বন্দোবস্ত দেওয়ার দাবি জানাই।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও কৃষিজমিতে বনায়নের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এসব জমি তিন ফসলি। নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষেরা নতুন করে চরে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাই ফসলি জমি নষ্ট না করে অন্য কোনো অনাবাদি জমিতে বনায়ন করা উচিত। পাশাপাশি প্রকৃত ভূমিহীন ও পূর্বের মালিকদের ওয়ারিশদের বিষয়টি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী জমি বন্দোবস্তের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সুশীল সমাজের প্রতিনিধি কামরুল হাসান সজীব বলেন, কৃষিজমি মানুষের খাদ্য উৎপাদন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বিশেষ করে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষেরা নতুন করে চর জেগে ওঠার পর সেখানে চাষাবাদ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে এই সম্পত্তি তাদের পূর্বপুরুষদের ছিল। তিন ফসলি জমিতে বনায়ন না করে বিকল্প অনাবাদি জমি নির্বাচন করা প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত দাবিদারদের সরকারি নিয়মে জমি বন্দোবস্ত দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।

এদিকে কৃষকদের অভিযোগ অস্বীকার করে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, ডাইনগাঁও মৌজার জমিগুলো নদী শ্রেণিভুক্ত সরকারি সম্পত্তি। অধিকাংশ সময় এসব জমি পানিতে তলিয়ে থাকে। বনায়নের জন্য এমন স্থানকেই নির্বাচন করা হয়েছে, যেখানে নিয়মিত কৃষি আবাদ হয় না। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com