বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Logo
×

গ্যাসের দাম বাড়ানোর খুশিতে পাঞ্জাবির দামে ছাড়, নবীন ফ্যাশনকে ৫০ হাজার টাকা জরিমান

Icon প্রথম সমাচার ডেস্ক

গ্যাসের দাম ২৫২ টাকা বাড়ার ঘটনাকে ‘খুশির উপলক্ষ’ দেখিয়ে পাঞ্জাবির দামে ছাড়ের বিজ্ঞাপন দিয়েছিল বিক্রয়কারী প্রতিষ্ঠান নবীন ফ্যাশন। তবে বিজ্ঞাপনে উল্লেখ করা দামে অনলাইন বা সরাসরি বিক্রয়কেন্দ্র-কোথাও পাঞ্জাবি পাওয়া যায়নি। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ অক্টোবর) অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

গ্যাসের দাম বেড়েছে ২৫২ টাকা, সেই দামেই নবীন ফ্যাশনের পাঞ্জাবির অফার। গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষ অসন্তুষ্ট। এমন পরিস্থিতিতে বিষয়টিকে কেন্দ্র করে খুশির বিজ্ঞাপন দেওয়া আপত্তিকর।

অভিযান শেষে আব্দুল জব্বার মন্ডল সাংবাদিকদের বলেন, ‘বিজ্ঞাপনে গ্যাসের দাম ২৫২ টাকা বাড়ার বিষয়টিকে খুশির উপলক্ষ হিসেবে তুলে ধরে ২৫২ টাকা বা তার কম দামে পাঞ্জাবি বিক্রির কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু অনলাইন ও অফলাইন-কোনো মাধ্যমেই ওই দামে পাঞ্জাবি পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষ অসন্তুষ্ট। এমন পরিস্থিতিতে বিষয়টিকে কেন্দ্র করে খুশির বিজ্ঞাপন দেওয়া আপত্তিকর। ছাড় দেওয়ার বিষয়ে তাদের আপত্তি নেই, তবে প্রতারণামূলক বা চাতুর্যপূর্ণ বিজ্ঞাপন দেওয়ার সুযোগ নেই।’

অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি নজরে আসার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে এবং এ জন্য ক্ষমাও চেয়েছে।’

অভিযানের সময় ফার্মগেট আউটলেটের এক কর্মচারী সাংবাদিকদের বলেন, ‘তারা বিষয়টি বুঝতে না পেরে ভুল করেছেন। বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com