প্রথম সমাচার ডেস্ক:
চট্টগ্রামের পতেঙ্গায় ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে মো. রামিনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (১৬ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় এসআরবি।
নিহত মো. রহিম উল্লাহ (৬৩) কক্সবাজার জেলার চকরিয়া থানার মাইজপাড়া গ্রামের বাসিন্দা। তবে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পতেঙ্গার ১৪ নম্বর ঘাট এলাকার আক্কাসের মার্কেটের সামনে ভ্যানে করে কাপড়সহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রহিম উল্লাহর কাছ থেকে মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতেন তার ছেলে মো. রামিন। তবে বিক্রির টাকা ঠিকমতো বাবাকে না দিয়ে তা অপচয় করতেন তিনি। এ নিয়ে রহিম উল্লাহ তাকে সতর্ক করলে রামিন ক্ষিপ্ত হয়ে ওঠেন।
ঘটনার দিন গত ১০ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে ব্যবসার টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামিন তার বাবাকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। এরপর রামিন তার বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। এর জেরে ওই দিন রাত ১১টার দিকে পতেঙ্গার ১৪ নম্বর ঘাটসংলগ্ন আক্কাসের মার্কেটের সামনের রাস্তায় রামিন পুনরায় তার বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তর্কবিতর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন তিনি। এতে রহিম উল্লাহ গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পাঁচ দিন পর ১৫ নভেম্বর দুপুর আড়াইটার দিকে এসআরবি-৭ (চট্টগ্রাম) ও এসআরবি-১৫ (কক্সবাজার)-এর একটি যৌথ দল কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রামিনকে (২১) গ্রেপ্তার করা হয়।

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
হাতকড়া পড়িয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে
জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে বরগুনায় মানববন্ধন