প্রথম সমাচার ডেস্ক:
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূলীয় জনপদ। প্রতিনিয়ত বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, লবণাক্ততা, জলোচ্ছ্বাস ও বসতভিটা হারানোর ঝুঁকি। এর সবচেয়ে বড় ভুক্তভোগীদের অন্যতম উপকূলের মানুষ। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ এবং নিরাপদ জীবনযাপনের অধিকার এখনো নিশ্চিত হয়নি। এমন বাস্তবতায় জলবায়ু ন্যায়বিচার, ক্ষতিপূরণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার দাবিতে বরগুনায় মানববন্ধন করেছেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা শহরের খাকদোন নদীর পাড়ে নদীবন্দর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এবং লিডার্সের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ, তরুণ-তরুণী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের হাতে ছিল জলবায়ু ন্যায্যতা, পরিবেশ সংরক্ষণ ও উপকূলীয় মানুষের অধিকার আদায়ের দাবিসংবলিত ব্যানার ও স্লোগান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের সাধারণ মানুষ দায়ী না হলেও এর ভয়াবহ মাশুল তাঁদেরই দিতে হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অস্বাভাবিক জোয়ার, নদীভাঙন ও লবণাক্ততার প্রকোপ বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি, মৎস্যসম্পদ, বসতবাড়ি ও জীবিকার উৎস। একের পর এক দুর্যোগে নিঃস্ব হয়ে পড়ছে অসংখ্য পরিবার। বিশেষ করে নারীদের পানি সংগ্রহ, পরিবারের খাদ্যনিরাপত্তা, সন্তানদের লালন-পালন এবং দুর্যোগকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে।
তাঁদের মতে, জলবায়ু সংকট এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি উপকূলীয় মানুষের জীবন, জীবিকা, মানবাধিকার ও অস্তিত্বের প্রশ্ন। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিতে হবে। উন্নয়ন পরিকল্পনা ও জলবায়ু তহবিল ব্যবহারে উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য অধিক দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের কার্যকর উদ্যোগ নিতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, জলবায়ু ন্যায্যতাই হোক সমাধান’, ‘টেকসই বেড়িবাঁধ চাই, নিরাপদ জীবন চাই’, ‘সবুজ পৃথিবী সবার অধিকার, মানবে না আর জলবায়ু অবিচার’, ‘কার্বন কমাও, সবুজ বাড়াও, জলবায়ু ন্যায্যতা ফিরিয়ে দাও’ এবং ‘প্রকৃতি ধ্বংস বন্ধ হোক, জলবায়ু ন্যায্যতায় জাগুক লোক’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও সাংবাদিক মনির হোসেন কামাল। বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা, তারুণ্যের শেকড় সংগঠনের সদস্য মো. বনি আমিন, যুব রেডক্রিসেন্টের প্রধান মো. সজিব হোসেন, সংগঠনটির সদস্য ফারজানা আফরিন তানিয়াসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জাফর সালেহ।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে টেকসই ও মানসম্মত বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। অনেক এলাকায় দুর্বল ও ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে স্বাভাবিক জোয়ার কিংবা সামান্য দুর্যোগেও জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। কোথাও কোথাও নদীভাঙনে বসতভিটা ও আবাদি জমি বিলীন হচ্ছে। ফলে মানুষকে বারবার নতুন করে ঘরবাড়ি নির্মাণ ও জীবিকা গড়ে তোলার সংগ্রাম করতে হচ্ছে। এ অবস্থায় অপরিকল্পিত ও সাময়িক সংস্কারের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মধ্যে উপকূলের নারীরা অন্যতম। দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও জীবিকার সংকট তাঁদের দুর্ভোগ বাড়িয়ে দেয়। তাই জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ পানির ব্যবস্থা করাও জরুরি।

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস
হাতকড়া পড়িয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে
আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত