২০২৬ ও ডাক সেবা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজন করা হয়েছে ‘চিঠি উৎসব ও স্ট্যাম্প বিক্রয় কার্যক্রম’।
সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-ডাকঘর চত্বরে ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এবারের ১৫৩তম বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য ‘One Postal Network, Infinite Possibilities’, যার অর্থ ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল সাইফুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা ডাক বিভাগের সেবার মান, কার্যকারিতা এবং চিঠি লেখার ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বক্তা আল-আমীন বলেন, অতীতে চিঠি আদান-প্রদানে ডাক বিভাগের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো চিঠি যেন হারিয়ে না যায়, সে বিষয়ে ডাক বিভাগের কর্মীরা সতর্ক থাকতেন। বর্তমানেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডাক বিভাগের ওপর নির্ভরতা রয়েছে। তবে সম্প্রতি ডাক বিভাগের মাধ্যমে পাঠানো সাক্ষাৎকারের চিঠি যথাসময়ে পৌঁছাতে না পারার ঘটনা দুঃখজনক।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ থাকায় কোনো সুবিধার তথ্য সেখানে প্রকাশ করা হলে দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁর মতে, কুরিয়ার সার্ভিসের তুলনায় ডাক বিভাগের সেবা আরও নিরাপদ ও সহজলভ্য। এ সময় ডাক বিভাগের সেবার পরিধি বাড়ানো এবং পোস্ট অফিস আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
পোস্টমাস্টার জেনারেল সাইফুল আলম বলেন, আধুনিক প্রযুক্তির প্রসারের ফলে মানুষের ভাববিনিময়ের মাধ্যম পরিবর্তিত হয়েছে। বর্তমান প্রজন্ম চিঠি লেখার ঐতিহ্য ভুলে মোবাইল ফোন, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মতো মাধ্যমের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এতে আবেগ ও অনুভূতি প্রকাশের ক্ষেত্রে চিঠির ঐতিহ্য সংকুচিত হয়েছে।
তিনি বিশ্ব ডাক দিবস উদযাপনের মাধ্যমে চিঠি লেখার ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান। পাশাপাশি চট্টগ্রাম সার্কেলে ডাক বিভাগের সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে বলে উল্লেখ করেন। ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সততা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে ভালো আচরণ করার পরামর্শও দেন তিনি।

বসার জায়গা নিয়ে বিরোধ, তিতুমীর শিক্ষার্থী ও হোটেল কর্মীদের সংঘর্ষ-ভাঙচুর