চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিভাগের উদ্যোগে প্রকাশিত ‘আজাদীর ইতিবৃত্ত’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু কেন্দ্র প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
‘আজাদীর ইতিবৃত্ত’ বইটিতে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা, ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ঘটনাবলি তুলে ধরা হয়েছে। এ ছাড়া জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শহীদের ঘটনাও বইটিতে স্থান পেয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞাসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী বলেন, “চাকসু ইতিমধ্যে অনেকগুলো বই প্রকাশ করেছে। চাকসুকে আমি ধন্যবাদ জানাই এরকম সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য। ‘আজাদীর ইতিবৃত্ত’ বইয়ের মাধ্যমে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারব, আজাদী আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানতে পারব।”
চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, “ইতিহাসে যুগে যুগে যারা লেখক ছিলেন, তারা মূলত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছিলেন। সেজন্য লেখাগুলোতে প্রান্তিক জনগণের ইতিহাস জায়গা পায়নি। যুগে যুগে যারা আজাদীর সংগ্রাম করে আসছে, তাদের ইতিহাস নিয়ে চাকসু কাজ করতে পেরেছে। এজন্য চাকসুর গণতান্ত্রিক আন্দোলন সম্পাদককে ধন্যবাদ জানাই।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই বীর মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন
মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ
চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ