শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

চীনের বাঁধ নির্মাণে ঝুঁকিতে ভাটির দেশগুলো, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর ওপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে চীন। প্রকল্পটির পরিকল্পিত উৎপাদনক্ষমতা ৬০ হাজার মেগাওয়াট। ২০২৫ সালের জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে এর নির্মাণকাজ শুরু হয়। এতে সীমান্তের ওপারে ভারতে ব্যাপক উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সতর্ক করে বলেন, ‘সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মেদোগ কাউন্টিতে চীন ইতিমধ্যে একটি বাঁধ নির্মাণ শুরু করেছে… আমাদের সঙ্গে কোনো পরামর্শ না করেই কিংবা কোনো তথ্য না জানিয়েই তারা এ কাজ করছে।’ তিনি ভূমিকম্পপ্রবণ এলাকায় চীনের ১৬৭ বিলিয়ন ডলারের এই মেগা বাঁধকে সম্ভাব্য অস্তিত্বসংকট সৃষ্টিকারী ‘জলবোমা’ হিসেবে অভিহিত করেন।

মেদোগ বাঁধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি এশিয়ার নদী অববাহিকাজুড়ে বিস্তৃত বৃহত্তর সংকটের একটি লক্ষণ মাত্র। এসব অঞ্চলে ভাটির দেশগুলো এমন সব অবকাঠামো প্রকল্পের মুখোমুখি হচ্ছে, যেগুলো উজানের দেশগুলো একতরফাভাবে বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত প্রভাবসংক্রান্ত তথ্য প্রকাশ, বাধ্যতামূলক আইনি কাঠামো কিংবা আন্তসীমান্ত পরামর্শ ও ব্যবস্থাপনায় প্রকৃত অংশগ্রহণের সুযোগ নেই। তথ্য ও স্বচ্ছতার অভিন্ন দাবির ভিত্তিতে ভাটির দেশগুলোর এখন জরুরিভিত্তিতে একটি সম্মিলিত কণ্ঠস্বর গড়ে তোলা প্রয়োজন।

‘এশিয়ার পানির ট্যাংক’ হিসেবে পরিচিত তিব্বত থেকে উৎপত্তি হয়েছে ১০টি প্রধান আন্তসীমান্ত নদীব্যবস্থার। এসব নদী প্রবাহিত হয়েছে ভাটির ১০টি দেশে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৮০ কোটি মানুষের বাস্তুতন্ত্র, কৃষি ও জীবন-জীবিকা টিকিয়ে রেখেছে এসব গুরুত্বপূর্ণ নদীপথ। এ সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। ঘনবসতিপূর্ণ ভাটির দেশগুলোতে আন্তসীমান্ত মিঠাপানি সরবরাহের ক্ষেত্রে মানুষের জীবনে প্রভাবের দিক থেকে বিশ্বের আর কোনো একক ভূখণ্ড তিব্বলের সমতুল্য নয়। এ কারণে বৈশ্বিক জলবিদ্যার ক্ষেত্রে তিব্বতের অবস্থান অতুলনীয়।

দুই মেরু অঞ্চল ছাড়া পৃথিবীর অন্য যেকোনো স্থানের তুলনায় তিব্বতে বেশি মিঠাপানি সঞ্চিত রয়েছে। এ কারণেই অঞ্চলটিকে প্রায়ই পৃথিবীর ‘তৃতীয় মেরু’ বলা হয়। তবে তিব্বত একই সঙ্গে দ্বিমুখী সংকটের মুখে রয়েছে। অঞ্চলটির তাপমাত্রা বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ হারে বাড়ছে। পাশাপাশি খননকাজ, বন উজাড় ও শিল্পকারখানার কার্যক্রমের কারণে উচ্চভূমির পরিবেশ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসবের সম্মিলিত প্রভাব এশিয়ার প্রধান নদীগুলোর স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

তিব্বতের হিমবাহ, পারমাফ্রস্ট বা স্থায়ীভাবে হিমায়িত ভূমি, জলাভূমি, হ্রদ এবং উচ্চভূমির বাস্তুতন্ত্র পানির প্রাপ্যতা নিয়ন্ত্রণ করে। একই সঙ্গে এগুলো ভাটির অঞ্চলের জলবিদ্যাগত ও পরিবেশগত প্রক্রিয়ায় প্রভাব ফেলে। এসব নদীতে ব্যাপক আকারে বাঁধ নির্মাণ, যার অনেকগুলোই অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত এবং যেগুলোর ক্ষেত্রে স্বচ্ছতা কিংবা চুক্তিভিত্তিক কাঠামো নেই, ভাটির দেশগুলোর পানিপ্রবাহ ও আন্তসীমান্ত বন্যার ঝুঁকি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলছে।

চীন এসব উদ্বেগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, ভাটির দেশগুলোর সঙ্গে চীন সহযোগিতা করেছে এবং তাদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগও বজায় রেখেছে। ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং জোর দিয়ে বলেছেন, ইয়ারলুং সাংপো নদীর ওপর বাঁধ প্রকল্পটি ভাটির দেশগুলোর পরিবেশগত পরিস্থিতি, ভূতাত্ত্বিক অবস্থা এবং পানিসম্পদ-সংশ্লিষ্ট অধিকার ও স্বার্থের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। বরং তাঁর দাবি, এটি ‘কিছুটা হলেও তাদের দুর্যোগ প্রতিরোধ ও ক্ষয়ক্ষতি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করবে।’

তবে বাধ্যতামূলক চুক্তির অনুপস্থিতি নিয়ে ভাটির দেশগুলোর গভীর উদ্বেগ রয়েছে। ১৯৯৭ সালের জাতিসংঘের আন্তর্জাতিক জলধারা সনদের বিপক্ষে ভোট দিয়েছিল চীন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পানিবণ্টন নিয়ে দেশটির কোনো বাধ্যতামূলক চুক্তিও নেই। এদিকে তথ্য বিনিময়ের ভিত্তি হিসেবে একসময় যে সমঝোতা স্মারকগুলো কার্যকর ছিল, সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। এ কারণে অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন, তিব্বতের পানিসম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করে চীন ‘এশিয়ার পানির আধিপত্যবাদী শক্তি’ হয়ে উঠতে পারে। এ ক্ষেত্রে দেশটির অনুকূল ভূরাজনৈতিক অবস্থান বড় ভূমিকা রাখতে পারে।

ভারতের তিনটি প্রধান নদীব্যবস্থা—ব্রহ্মপুত্র, সিন্ধু ও শতদ্রুর উৎসস্থল নিয়ন্ত্রণ করে চীন। এ কারণে উজানের পানিসম্পদ ব্যবস্থাপনায় অস্বচ্ছতা ভারতের জন্য জাতীয় নিরাপত্তার বড় উদ্বেগে পরিণত হয়েছে। পানিসম্পদ-সংক্রান্ত তথ্যের স্বচ্ছতাকে অস্ত্র হিসেবে ব্যবহারের ইচ্ছা চীন বারবার দেখিয়েছে।

২০১৭ সালে দোকলাম অচলাবস্থার সময় ইয়ারলুং সাংপো নদীর (যা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত) বর্ষা মৌসুমের গুরুত্বপূর্ণ পানিপ্রবাহসংক্রান্ত তথ্য সরবরাহ হঠাৎ বন্ধ করে দেয় চীন। দেশটি এর কারণ হিসেবে পর্যবেক্ষণকেন্দ্রের উন্নয়নকাজের কথা জানায়। তবে ভারতের অনেক বিশ্লেষক এ ব্যাখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কারণ, একই সময়ে বাংলাদেশকে ওই তথ্য সরবরাহ করা হচ্ছিল।

এরপর থেকে দুই দেশের সহযোগিতা আরও কমেছে। ২০২০ সালে শতদ্রু এবং ২০২৩ সালে ব্রহ্মপুত্র নদীর পানিপ্রবাহসংক্রান্ত তথ্য বিনিময়ের দ্বিপক্ষীয় চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এখন চীন ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ভূমিকম্পপ্রবণ একটি ফল্ট বা ভূতাত্ত্বিক চ্যুতির ওপর বিশ্বের বৃহত্তম মেগা বাঁধ নির্মাণ করছে। এতে অরুণাচল প্রদেশ ও আসামজুড়ে ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি হচ্ছে এবং লাখো মানুষের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

তিব্বতে ২০০০ সালে ইগং বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা দেখিয়েছে, উজান থেকে নেমে আসা পানির প্রবল ঢল ভাটির দেশগুলোতে কতটা ভয়াবহ আঘাত হানতে পারে। ওই ঘটনার ফলে সৃষ্ট বন্যায় অরুণাচল প্রদেশ ও আসামজুড়ে ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।

২০২৪ সালে ভারতে অবস্থানরত তিব্বতি বিশেষজ্ঞদের পক্ষ থেকে প্রকাশিত ‘১০ দফা আহ্বান’-এ ভাটির দেশগুলোর জন্য পূর্ণাঙ্গ পরিবেশগত তথ্য প্রকাশ, স্থানীয় জনগণের সম্মতি ছাড়া বড় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ অবিলম্বে বন্ধ এবং তিব্বতে জোরপূর্বক বাস্তুচ্যুতি ও সাংস্কৃতিক ধ্বংস ঠেকাতে ‘স্বাধীন, পূর্ববর্তী ও অবহিত সম্মতি’ (ফ্রি, প্রাইর অ্যান্ড ইনফর্মড কনসেন্ট বা এফপিআইসি) নীতি অনুসরণের দাবি জানানো হয়।

পানিসম্পদ নিয়ে চীনের একতরফা অবস্থানের বিষয়ে উদ্বেগ প্রকাশকারী একমাত্র দেশ ভারত নয়। চীনে লানচাং নামে পরিচিত মেকং নদীকে ঘিরেও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এ ধরনের অসন্তোষ বারবার দেখা গেছে।

২০১৬ সালে ভিয়েতনামের মেকং বদ্বীপে তীব্র খরা দেখা দেয়। পরবর্তী সময়ে স্টিমসন সেন্টার স্যাটেলাইটভিত্তিক তথ্যপ্রমাণ প্রকাশ করে। এতে দেখা যায়, উজানের অববাহিকায় গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত ও তুষার গলনের ঘটনা ঘটলেও চীনের বাঁধ পরিচালনার কারণে নদীর পানিপ্রবাহ সীমিত হয়ে পড়েছিল।

উজান থেকে পানিপ্রবাহ কমে যাওয়ার ওই সময়ে ১ লাখ ৬৬ হাজার হেক্টর ধান চাষের জমি অনুর্বর হয়ে পড়ে। পর্যাপ্ত সুপেয় পানির অভাবে পড়েন ২০ লাখ মানুষ। ভিয়েতনামের কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বদ্বীপ অঞ্চলের খরা ও লবণাক্ততা মোকাবিলায় ৪ বিলিয়ন ডলার প্রয়োজন ছিল।

মেকং রিভার কমিশনের (এমআরসি) পূর্বাভাসে সতর্ক করা হয়েছে, একের পর এক বাঁধ নির্মাণের ফলে ২০৪০ সালের মধ্যে বদ্বীপ অঞ্চলে পলির মোট পরিমাণ ৯৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এ ছাড়া ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) তথ্য অনুযায়ী, গত দুই দশকে মেকংয়ের জায়ান্ট ক্যাটফিশ বা বৃহদাকার ক্যাটফিশের মজুত ৯০ শতাংশ কমেছে। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মৎস্যশিল্পের জন্য বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে।

ভাটির দেশগুলোর জন্য এসব চ্যালেঞ্জ ও ঝুঁকি থাকা সত্ত্বেও তারা সতর্ক কূটনীতি এবং অভ্যন্তরীণ অভিযোজনের ওপর জোর দিয়েছে। ভিয়েতনাম বিভিন্ন সময়ে চীনের উজানের বাঁধ নির্মাণ নিয়ে উদ্বেগ জানিয়েছে, তবে তা করেছে কৌশলে। দেশটি লানচাং-মেকং সহযোগিতা বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি মেকং-সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা এবং চীনের বাঁধ প্রকল্পগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষায় মেকংভিত্তিক সীমিত পরিসরের আঞ্চলিক জোট ও অংশীদারত্বকে সমর্থন করছে।

আইএসইএএসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের এই অবস্থান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে সহায়তা করলেও উজানে অব্যাহতভাবে পানিসম্পদের অতিরিক্ত ব্যবহার দেশটির আর্থসামাজিক স্থিতিশীলতা ও পরিবেশকে ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে ফেলছে। প্রতিবেদনে আরও সক্রিয় কৌশল গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ভাটির দেশগুলোর মধ্যে ভারতই সবচেয়ে সরব অবস্থান নিয়েছে। দেশটি উজানের পানিসম্পদ নিয়ন্ত্রণকে প্রকাশ্যেই জাতীয় নিরাপত্তার মৌলিক বিষয় হিসেবে বিবেচনা করছে। মেদোগ বাঁধ প্রকল্পের অনুমোদনের পর ভারত আনুষ্ঠানিকভাবে নিজেদের উদ্বেগের কথা চীনকে জানিয়েছে। একই সঙ্গে নদীর ভাটির ব্যবহারকারী দেশ হিসেবে নিজেদের অধিকার তুলে ধরে স্বচ্ছতা দাবি করেছে।

নয়াদিল্লি সীমান্তবিষয়ক পরামর্শ ও সমন্বয়ের জন্য গঠিত ওয়ার্কিং মেকানিজমসহ (ডব্লিউএমসিসি) উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠকে বিষয়টি উত্থাপন করেছে। পাশাপাশি আন্তসীমান্ত নদীবিষয়ক দ্বিপক্ষীয় বিশেষজ্ঞ পর্যায়ের ব্যবস্থাপনার (ইএলএম) বৈঠক দ্রুত আয়োজনের জন্য চাপ দিয়ে আসছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদবিষয়ক ব্রিফিং অনুযায়ী, আকস্মিকভাবে ভাটির অঞ্চলে বন্যা ঠেকাতে ব্রহ্মপুত্র ও শতদ্রু নদীর বর্ষা মৌসুমের পানিপ্রবাহসংক্রান্ত তথ্য বিনিময়ের চুক্তিগুলো পুনর্বহাল করা এখন ভারতের অন্যতম প্রধান অগ্রাধিকার।

সুস্পষ্ট ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের বাইরেও মেগা বাঁধগুলো আদিবাসী জনগোষ্ঠী, ভাটির অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিবেশগত ব্যবস্থার ওপর মারাত্মক বিঘ্ন সৃষ্টি করে। ফলে ভাটির দেশগুলোর আঞ্চলিক সংহতি কেবল সংকীর্ণ জাতীয় স্বার্থের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং সমন্বিত ও সামগ্রিক ব্যবস্থাপনার জন্য একটি ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে হবে।

ভাটির দেশগুলোর সম্মিলিত কণ্ঠস্বর গড়ে তোলার জন্য শুরুতেই কোনো সংঘাতমুখী জোট গঠনের প্রয়োজন নেই। একটি উপায় হতে পারে, সরকারগুলো অভিন্ন ন্যূনতম কিছু দাবিতে একমত হওয়া। এর মধ্যে রয়েছে সারা বছর পানিপ্রবাহসংক্রান্ত তথ্য সরবরাহ, জলাধারে পানি সংরক্ষণ শুরু এবং বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা প্রদান এবং প্রকল্পগুলোর আন্তসীমান্ত ভূমিকম্পনিরাপত্তা মূল্যায়নের তথ্য স্বচ্ছভাবে প্রকাশ।

দ্বিতীয়ত, বিদ্যমান বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে আরও জোরালো সমন্বয় প্রয়োজন। এর মধ্যে রয়েছে মেকং রিভার কমিশন (এমআরসি), ইএলএমের মতো দ্বিপক্ষীয় বিশেষজ্ঞ পর্যায়ের ব্যবস্থা এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের (আইসিআইএমওডি) মতো আঞ্চলিক সংস্থা।

সবশেষে, তিব্বতে উজানের বাঁধ নির্মাণের ঝুঁকি যেসব ভাটির দেশকে ভাগ করে নিতে হচ্ছে, তাদের দায়িত্ব গ্রহণের এবং স্বচ্ছ তথ্য বিনিময় ও একটি ঐক্যবদ্ধ আনুষ্ঠানিক জোট গঠনের জন্য সমন্বিত ব্যবস্থা প্রতিষ্ঠার সময় এসেছে।

চলতি বছরের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নেপাল, ভারত ও চীনের নেতৃত্বে একটি ‘হিমালয়ান ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম’ গঠনের প্রস্তাব দেন। এর মাধ্যমে স্যাটেলাইটের তথ্য বিনিময়, হিমবাহের হ্রদগুলো পর্যবেক্ষণ এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করার কথা বলেন তিনি।

দক্ষিণ এশিয়ার বাঁধ, নদী ও জনগোষ্ঠী নেটওয়ার্কের (সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ড্যামস, রিভার্স অ্যান্ড পিপল) সমন্বয়ক হিমাংশু তাক্কারও একই ধরনের যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেন, ভাটির দেশগুলোর ওই তথ্য পাওয়ার অধিকার রয়েছে, আর তা সরবরাহ করা উজানের দেশের দায়িত্ব।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com