মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

ছয় দশকের সুরে উপমহাদেশ জয় রুনা লায়লার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নাচের প্রতি ভালোবাসা দিয়ে শুরু, মাত্র ১২ বছর বয়সে চলচ্চিত্রে গান গেয়ে পরিচিতি। বাংলা, হিন্দি, উর্দুসহ বিভিন্ন ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়ে সংগীতের ইতিহাসে নিজের জায়গা করে নিয়েছেন রুনা লায়লা। প্রতিকূলতা, সময়ের পরিবর্তন ও নানা চড়াই-উতরাই পেরিয়ে ছয় দশকের বেশি সময় ধরে মুগ্ধ করে চলেছেন শ্রোতাদের। আজ ১৭ নভেম্বর, কিংবদন্তি এই শিল্পীর জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।

কিছু কণ্ঠ সময় কিংবা ভাষার গণ্ডিতে আটকে থাকে না। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই কণ্ঠের আবেদন ছড়িয়ে পড়ে মানুষের হৃদয়ে। রুনা লায়লা তেমনই একজন শিল্পী। ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলা, হিন্দি, উর্দুসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে উপমহাদেশের সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন তিনি।

প্রেম, বিরহ, উচ্ছ্বাস কিংবা গভীর আবেগ—বিভিন্ন ধরনের গানে তাঁর কণ্ঠের বৈচিত্র্য শ্রোতাদের মুগ্ধ করেছে। চলচ্চিত্রের গান থেকে গজল, আধুনিক গান থেকে মঞ্চ পরিবেশনা—প্রতিটি ক্ষেত্রেই রেখেছেন দক্ষতার স্বাক্ষর। ১০ হাজারের বেশি গান গাওয়ার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক স্বীকৃতি তাঁকে উপমহাদেশের সংগীতজগতের অন্যতম উজ্জ্বল নাম করে তুলেছে।

তবে সংগীতের এই দীর্ঘ পথচলার শুরুটা হয়েছিল অন্য এক ভালোবাসা দিয়ে। গানের মঞ্চে আসার আগে ছোট্ট রুনার স্বপ্নজুড়ে ছিল নাচ।

করাচিতে কেটেছে রুনা লায়লার শৈশবের একটি বড় অংশ। বাবা এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা। মা আমিনা লায়লা মেয়ের নাচের প্রতি আগ্রহ দেখে তাঁকে ভর্তি করিয়ে দেন বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে। সেখানে আফরোজা বুলবুলের কাছে চার বছর কত্থক ও ভরতনাট্যম শেখেন তিনি।

নাচের প্রতি তাঁর ভালোবাসার একটি মজার স্মৃতি রয়েছে। ছোটবেলায় নানির কাছ থেকে পাওয়া টাকা দিয়ে ভাইবোনেরা নিজেদের পছন্দের জিনিস কিনলেও রুনা কিনেছিলেন এক জোড়া ঘুঙুর। সেই ঘুঙুর পরে বাড়িময় নেচে বেড়াতেন। পরবর্তী সময়ে গানের মঞ্চেও নাচের সেই শিক্ষা তাঁর পরিবেশনায় প্রভাব ফেলেছে। গাইতে গাইতে শরীরী অভিব্যক্তিতে কখনো কখনো ফুটে উঠেছে নাচের মুদ্রা।

নাচের পাশাপাশি গানের সঙ্গেও পরিচয় ঘটে শৈশবেই। বড় বোন দিনা লায়লা ওস্তাদ আবদুল কাদের ও হাবিব উদ্দিন আহমেদের কাছে গান শিখতেন। বোনের গানের তালিম চলার সময় পাশের ঘরে খেলতে খেলতে সেসব গান শুনে মুখস্থ করে ফেলতেন রুনা। একসময় নিজেও গাইতে শুরু করেন।

তাঁর কণ্ঠে গান শুনে মুগ্ধ হন ওস্তাদ আবদুল কাদের। ছোট্ট মেয়েটির প্রতিভা বুঝতে পেরে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, একদিন গান গেয়ে অনেক সুনাম অর্জন করবেন রুনা। সময়ের সঙ্গে সেই কথাই সত্যি হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com