প্রথম সমাচার ডেস্ক:
‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের রাজপথে সক্রিয় ছিল। সেই সক্রিয় ভূমিকার কারণে তারা ঢাকা শহরের কোথাও কোনও সন্ত্রাসী কার্যক্রম প্রদর্শন করতে পারেনি বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে এ সমাবেশ করে সংগঠনটি। এর আগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মহানগর ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, গত ১৭ বছর ধরে হত্যা, গুম ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার। এখন ভারত থেকে আবারও একই ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রচেষ্টা ছাত্রদল মেনে নেবে না বলেও জানান তিনি।
নাছির উদ্দীন বলেন, গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে গণতন্ত্রকামী সংগঠন ও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছেন। একইভাবে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিও দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের রাজপথে সক্রিয় ছিল। সেই সক্রিয় ভূমিকার কারণে তারা ঢাকা শহরের কোথাও কোনও সন্ত্রাসী কার্যক্রম প্রদর্শন করতে পারেনি।’
সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে।’ এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে অভিযোগ করেন তিনি।
রাকিবুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের কোনও ছাত্র সংগঠনের ইতিহাসে প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে গিয়ে কর্মসূচি ঘোষণা করার নজির নেই। কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ তাদের নেত্রীর সঙ্গে পালিয়ে গিয়ে ভারত থেকে কর্মসূচি ঘোষণা করছে।’
তিনি বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা অতীতে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে গেলেও তারা এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাননি কিংবা অনুশোচনা প্রকাশ করেননি; বরং সাধারণ শিক্ষার্থীদের ওপর কীভাবে ককটেল নিক্ষেপ করা যায়, সে বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশনা দেওয়া হচ্ছে।’

১৭ বছরের নির্বাসন শেষে ক্ষমতার মসনদে, তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
আদিতমারীতে বিএনপি কার্যালয়ে আগুন
জ্যোতিকা জ্যোতির পর এবার অভিনেতা তমাল মাহবুব আটক