প্রথম সমাচার ডেস্ক:
একসময় ছিলেন বিরোধী দলের রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। পেরিয়েছেন কারাবাস, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ নির্বাসিত জীবন। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব। ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে নেতৃত্ব দিয়েছেন নির্বাচনে। সেই পথচলার পর এখন দেশের সরকারপ্রধান। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ জন্মদিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম জন্মদিন উদ্যাপন করছেন তিনি। রাজনীতিতে হাতেখড়ি থেকে রাষ্ট্রক্ষমতার শীর্ষে পৌঁছানোসহ দীর্ঘ এই পথচলায় রয়েছে নানা অধ্যায়।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও তার শৈশব কেটেছে সাধারণ পরিবেশে। পারিবারিক জীবনযাপনে ছিল অনাড়ম্বরতার চর্চা। মা বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও তৃণমূল থেকে নিজের রাজনৈতিক পথচলা শুরু করেন তারেক রহমান।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০০১ সালের নির্বাচনেও দলের সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী কৌশল বাস্তবায়নে ছিলেন স্বতঃস্ফুর্ত সক্রিয়। ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। পরে সারা দেশে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে কাজ করেন।
তবে তার রাজনৈতিক পথচলা মোটেই সহজ ছিল না। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। কারাবন্দি অবস্থায় নির্যাতনের শিকার হয়ে গুরুতর স্বাস্থ্যগত জটিলতায় পড়েন। চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর শুরু হয় অযাচিত দীর্ঘ নির্বাসিত জীবন।
দেশের বাইরে থেকেও বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন তারেক রহমান। ২০১৮ সালে মা খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশে অবস্থান করেই দলের সাংগঠনিক ঐক্য ধরে রাখা এবং নেতাকর্মীদের পরিচালনা করেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার দেশে ফেরার পথ তৈরি হয়। দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। তার প্রত্যাবর্তন ঘিরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
তবে দেশে ফেরার মাত্র পাঁচ দিন পর মা বেগম খালেদা জিয়াকে হারান তিনি। ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি ২১১টি আসনে জয়লাভ করে। প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন তারেক রহমান।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়া তাঁর জীবনের বড় অর্জন। তবে সরকার পরিচালনার দায়িত্ব রাজনৈতিক দল পরিচালনার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। জনগণের প্রত্যাশা পূরণ, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন নিশ্চিত করাই এখন তাঁর সরকারের সামনে বড় পরীক্ষা।

১৯ বছর ধরে কী কৌশলে গদি আঁকড়ে আছেন নেতানিয়াহু
সড়কে গাছ ফেলে আ.লীগের ব্যারিকেডের দাবি বিএনপি নেতার, ওসির ভাষ্য ‘প্রাকৃতিক দুর্যোগ’
ছাত্রদলের ২৪ ঘণ্টার তৎপরতায় ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারেনি আ.লীগ: নাছির