বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগানে শ্রীপুরে রাতের আঁধারে নিষিদ্ধ লীগের মশাল মিছিল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি জাকিরুল হাসান জিকুর নেতৃত্বে মশাল মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে শ্রীপুর-কাপাসিয়া সড়কে এ মিছিল বের করা হয়।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জাকিরুল হাসান জিকুও নিজের ফেসবুক পোস্টে মিছিলের ছবি ও ভিডিও প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মশাল হাতে কয়েকজন নেতাকর্মী মিছিল করছেন। এতে নেতৃত্ব দিতে দেখা যায় শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল হাসান জিকুকে। মিছিলের ব্যানারে গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসির ছবি রয়েছে। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

জাকিরুল হাসান জিকু সাবেক প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির ব্যক্তিগত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

নিজের ফেসবুক পোস্টে জিকু দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এ মশাল মিছিল করেছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির নেতৃত্বে ছাত্রলীগের আন্দোলন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে জিকু আরও দাবি করেন, মিছিলে সাধারণ মানুষের সমর্থন ও সহযোগিতা ছিল। তাঁদের সহযোগিতা ছাড়া এত বড় মিছিল করা সম্ভব হতো না বলে তিনি উল্লেখ করেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com