শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

ছেলে ও ছেলের বউকে চাকরি না দেয়ায় মাঠে কলাগাছ লাগিয়ে শিক্ষকদের কার্যালয়ে তালা ঝোলালেন জমির দাতা

Icon প্রথম সমাচার ডেস্ক

ছেলে ও ছেলের বউকে চাকরি না দেয়ায় পুঠিয়ায় একটি স্কুলের জমির দাতা মাঠে কলাগাছ লাগিয়ে শিক্ষকদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। গতকাল স্কুলের দাতা সদস্য আজাদ আলী তার লোকজন নিয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। বিদ্যালয়টির নাম ‘ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল’।

জানা গেছে, ২০১৫ সালে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি গ্রামে ‘মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ নামে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। এতে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়। এই মর্মে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অনুমতি রয়েছে। মাধ্যমিক পর্যায়ের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের স্থাপনার অনুমতি রয়েছে। গত ‘৫ আগষ্ট’ দেশের পট পরিবর্তনের পর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য চিঠি দেয়। তখন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বসে ‘ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল’ নামকরণ করেন। নাম পরিবর্তনের প্রস্তাব করেছিলেন প্রতিষ্ঠানে দাতা সদস্য আজাদ আলী নিজেই। প্রতিষ্ঠানে রেজুলেশনে তার উল্লেখ রয়েছে।

প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ১১ ডিসেম্বর পাঠাদানের অনুমতি পেয়েছে। প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে এবং ধরণ অনুযায়ী প্রতিষ্ঠানটিতে নিম্নমাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অষ্টম শ্রেণিতে উঠবে। পরের বছর তারা নবম ও দশম শ্রেণিতে উঠবে। এইভাবে মাধ্যমিক চালু হবে। তারপরে উচ্চমাধ্যমিক চালু করা হবে। এরই মধ্যে শনিবার বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির দিনে দাতা সদস্য আজাদ আলী তার লোকজন নিয়ে গিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের কার্যালয়ে তালা লাগিয়ে দেন। তারা বাঁশ দিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকেও বেড়া দিয়ে দেন। মাঠে কলাগাছ লাগিয়ে দেন।

দাতা সদস্য আজাদ আলী বলেন, তিনি প্রতিষ্ঠানের একজন দাতা সদস্য। সেখানে টেকনিক্যাল কলেজ করার কথা ছিল। তার ছেলে ও ছেলের বউকে চাকরি দেওয়ার কথা ছিল। তাই তিনি জমি দিয়েছিলেন । কিন্তু এই নামে কোনো প্রতিষ্ঠান করা হয়নি। তার ছেলের বউকে চাকরিও দেওয়া হয়নি। এই জন্য তিনি তালা দিয়ে কালাগাছ লাগিয়ে দিয়েছেন।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, তিনি জমি দিয়েছিলেন, জমি এখন স্কুলের। এই দলিল শুধু আদালত বাতিল করতে পারে। যতক্ষণ দলিল আছে, ততক্ষণে তালা ঝুলানো বা গাছ লাগানো যাবে না। জমি ফেরত নিতে হলে আদালতের মাধ্যমে রায় নিয়ে আসতে হবে। কলাগাছ উঠানো এবং তালা খোলার বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসার গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি খুলে দিবে। #

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com