প্রথম সমাচার ডেস্ক:
নওগাঁয় গত কয়েক দিনের বৃষ্টিতে আমন ধানচাষিরা চরম বিপাকে পড়েছেন। ফসল পাকার পর ধান কাটা ও ঘরে তোলার ভরা মৌসুমে এমন বৈরী আবহাওয়ায় কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। বৃষ্টির পানিতে নিচু এলাকার ফসলি জমি তলিয়ে পাকা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে নওগাঁর পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, পোরশার নিতপুর এবং নিয়ামতপুরের পাঁড়ইল ও ভাবিচাসহ আটটি ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে কৃষকদের কেটে রাখা পাকা ধান পানিতে ভাসছে। কোথাও কোথাও জমিতে হাঁটুপানি জমে যাওয়ায় ধান সংগ্রহ ও মাড়াইয়ের কাজ পুরোপুরি ব্যাহত হচ্ছে।
নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৮২০ মেট্রিক টন।
স্থানীয় কৃষকরা জানান, এ বছর বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় বাড়তি সেচ দিতে হয়েছে। এর ওপর সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ দ্বিগুণ হয়েছে। তার ওপর বাজারে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় এমনিতেই লোকসানের শঙ্কায় ছিলেন তারা।
পাঁড়ইল ইউনিয়নের উষ্ঠিপাড়া গ্রামের কৃষক মোতাহের আলী ও ভাবিচা গ্রামের এনতাজ আলী জানান, সব ধান কেটে জমিতে ফেলে রাখা হয়েছে। এখন দ্রুত রোদ না উঠলে ভেজা ধানের রং ও গুণগত মান নষ্ট হয়ে যাবে। ধানে চারা গজালে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে মাঠে পড়ে থাকা কাটা ধান ভিজে পচে যেতে পারে। এতে ধানের রং, গুণগত মান ও বাজারমূল্য কমে যাওয়ার পাশাপাশি কিছু ধান অঙ্কুরিত হওয়ারও আশঙ্কা রয়েছে।
অন্যদিকে পোরশার নিতপুর ইউনিয়নের কৃষক আব্দুস সালাম জানান, কোথাও কোথাও জমিতে হাঁটু বা তার কাছাকাছি পানি জমেছে। বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় ধান সংগ্রহ ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক কৃষক চাইলেও সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না। সারা বছরের পরিশ্রমের পর ফসল ঘরে তোলার সময় এমন বৃষ্টি তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। সময়মতো ধান সংগ্রহ করতে না পারলে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হবে তাদের।
নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, উপজেলায় বর্তমানে আমন ধান কাটা চলমান রয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যেই আবহাওয়া অনুকূলে ফিরে আসবে এবং বৃষ্টিতে উৎপাদনের তেমন কোনো ক্ষতি হবে না।
পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর আর রশিদ বলেন, জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং কেটে রাখা ধান যত দ্রুত সম্ভব নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নিতে হবে। কোনোভাবেই ভেজা ধান দীর্ঘ সময় স্তূপ করে রাখা যাবে না। এতে তাপ সৃষ্টি হয়ে ধানে পচন ধরতে পারে। রোদ উঠলে বা বৃষ্টির বিরতি পেলে দ্রুত মাড়াই করে ধান ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
সূত্র: মূল প্রতিবেদন

গাজীপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার