মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

জমির কাজ নিয়ে দিনের পর দিন ঘুরছেন মানুষ, সমাধান নেই ভূমি অফিসে

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

জমি হস্তান্তরের অনুমতি নিতে দেড় মাস আগে আবেদন করেছিলেন আবুল কালাম। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর নিয়ম অনুযায়ী ফাইলের অগ্রগতির অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও শেষ হয়নি কাজ। সর্বশেষ এক সপ্তাহ ধরে তার ফাইল পড়ে আছে কানুনগোর টেবিলে। খোঁজ নিতে গেলে জানানো হচ্ছে, কম্পিউটারে প্রযুক্তিগত সমস্যা রয়েছে। একই সমস্যায় আটকে আছে আরও অনেকের ভূমিসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি।

কক্সবাজার সদর ভূমি অফিসে প্রায় এক মাস ধরে কম্পিউটার ও অনলাইন প্রযুক্তিগত জটিলতায় ব্যাহত হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিসেবা কার্যক্রম। জমি হস্তান্তরের অনুমতি যাচাইয়ের ফাইল অনলাইনে স্থানান্তর, নামজারি ফাইল ট্রান্সফার, ভিপি সম্পত্তি এবং বিভিন্ন খতিয়ান যাচাইয়ের কাজেও দেখা দিয়েছে জটিলতা। এতে দিনের পর দিন আটকে থাকছে সেবাপ্রার্থীদের আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র। বারবার ভূমি অফিসে গিয়েও কাজ না হওয়ায় সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে সাধারণ মানুষের।

ভুক্তভোগীদের অভিযোগ, কম্পিউটার ও অনলাইন ব্যবস্থার সমস্যার কথা বলে ফাইলের কাজ দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হচ্ছে। অথচ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কিংবা অগ্রগতির দৃশ্যমান কোনো লক্ষণ নেই।

জমি হস্তান্তরের অনুমতি নিতে আসা আবুল কালাম বলেন, প্রায় দেড় মাস আগে তিনি আবেদন করেছেন। কিন্তু এখনো তার ফাইলের কার্যক্রম শেষ হয়নি। পুরো এক সপ্তাহ ধরে ফাইলটি কানুনগোর টেবিলে পড়ে রয়েছে। প্রয়োজনীয় কাজ শেষ না হওয়ায় তিনি জমি হস্তান্তর নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

একই ধরনের ভোগান্তির কথা জানিয়েছেন শরৎচন্দ্র নামের আরেক সেবাপ্রার্থী।

তিনি বলেন, তার জমি হস্তান্তরের নথিও এক সপ্তাহ ধরে কানুনগোর টেবিলে পড়ে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে কম্পিউটারের প্রযুক্তিগত সমস্যার কথা জানানো হয়। কিন্তু কবে নাগাদ সমস্যার সমাধান হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

কফিল উদ্দিন নামের আরেক ভুক্তভোগী বলেন, গত কয়েক দিন ধরে তার একাধিক ফাইল কানুনগোর কাছে আটকে রয়েছে। প্রতিবার খোঁজ নিতে গেলে কম্পিউটারের সমস্যার কথা বলা হচ্ছে। তার প্রশ্ন, সরকারি দপ্তরের প্রযুক্তিগত সমস্যা সমাধানের দায়িত্ব কি সাধারণ মানুষের? কানুনগোর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি কী করতে পারি?’

শুধু জমি হস্তান্তরের অনুমতিই নয়, ভিপি সম্পত্তিসংক্রান্ত কার্যক্রম এবং বিভিন্ন খতিয়ান যাচাইয়েও একই ধরনের জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় তথ্য যাচাই ও অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে না পারায় অনেক সেবাপ্রার্থীকে একাধিকবার অফিসে আসতে হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে যাতায়াত খরচ ও কর্মঘণ্টার অপচয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com