সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Logo
×

জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, কারাগারে বিএনপি নেতা

Icon প্রথম সমাচার ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমিতে চাষাবাদে বাধা, দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা মজিবুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৭ অক্টোবর) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম।

মামলার বাদী মো. রফিক মিয়া (৪৭)। মামলার নথি অনুযায়ী, বিজয়নগর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মামুদপুর মৌজার ২০৫ নম্বর বিএস খতিয়ানের ৬৮৪ নম্বর দাগে থাকা ২২ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

মামলার অভিযোগে বলা হয়, বিরোধপূর্ণ জমিটি বাদীপক্ষের পরিবারের মালিকানাধীন। ওই জমিতে চাষাবাদ করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। পাশাপাশি জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

বাদী রফিক মিয়ার দাবি, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে তাঁরা বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতির শিকার হয়েছেন। এ পরিস্থিতিতে প্রতিকার চেয়ে তাঁরা আইনের আশ্রয় নেন এবং পরে এ ঘটনায় মামলা করেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, আদালতের নির্দেশে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয় লোকজনের বক্তব্য গ্রহণ এবং জমির কাগজপত্র ও সংশ্লিষ্ট রেকর্ড যাচাই করা হয়।

এদিকে, মজিবুর রহমান স্থানীয় বিএনপির নেতা বলে জানা গেছে। তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর বিষয়ে বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন, ‘কেউ অন্যায় করলে এবং আদালতের রায়ে অপরাধী প্রমাণিত হলে, এর দায়ভার দল নেবে না।’

তিনি আরও বলেন, ‘আমি শুনেছি, অনেক দিন আগের জমিজমা নিয়ে একটি মামলা চলছিল। সেই মামলায় বিজ্ঞ আদালত তাঁকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন।’

তবে মামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত মজিবুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তিনি কারাগারে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com