তবে ধীরে ধীরে নিজের অর্জনের গুরুত্ব উপলব্ধি করতে শুরু করেন হাসানাহ। তার আশা, এই সাফল্য অন্যদের অনুপ্রাণিত করবে এবং জ্যামাইকার জাতীয় মূলমন্ত্র- ‘অনেকের মধ্যে এক জাতি’-এর চেতনাকে তুলে ধরবে।
‘আমি একজন গর্বিত জ্যামাইকান। আমি আমার দেশের মানুষকে দেখাতে চাই, স্বপ্ন পূরণ করা সম্ভব,’ বলেন তিনি।
হাসানাহর পাইলট হওয়ার স্বপ্নের সূচনা শৈশবে। দাদা-দাদির সঙ্গে দেখা করতে ত্রিনিদাদে যাওয়ার পথে উড়োজাহাজে ভ্রমণের অভিজ্ঞতা তাকে মুগ্ধ করত। উড়োজাহাজে করে আকাশে ওঠার অনুভূতি তার মনে গভীর ছাপ ফেলে।
এরপর থেকেই আকাশের দিকে তার দৃষ্টি আটকে থাকত। উড়োজাহাজের প্রতি বাড়তে থাকে আগ্রহ। ওপর থেকে বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য দেখার অভিজ্ঞতাও তাকে আকৃষ্ট করত।
হাসানাহর ভাষায়, উড়োজাহাজে ওড়া তাকে একধরনের স্বাধীনতার অনুভূতি দেয়। আকাশে উঠে যেন মাটিতে ফেলে আসা দুশ্চিন্তা থেকে কিছুক্ষণের জন্য দূরে থাকা যায়- আকাশ আর মেঘের সঙ্গে তৈরি হয় এক অন্যরকম সম্পর্ক।
২০২২ সালের ২৫ আগস্ট ফ্লাইট পরীক্ষায় উত্তীর্ণ হন হাসানাহ। চার দিন পর, ২৯ আগস্ট পান পাইলটের লাইসেন্স। তবে এটিই তার শেষ লক্ষ্য নয়। পরবর্তী স্বপ্ন বাণিজ্যিক পাইলটের প্রশিক্ষণ সম্পন্ন করে কোনো এয়ারলাইনসে কাজ করা।
জ্যামাইকা প্রধানত খ্রিস্টান অধ্যুষিত দেশ। সেখানে মুসলিমরা ধর্মীয় সংখ্যালঘু। ভিজিট জ্যামাইকার তথ্য অনুযায়ী, দেশটিতে আনুমানিক ছয় হাজার মানুষ ইসলাম ধর্মের অনুসারী। দ্বীপটিতে রয়েছে ১২টির মতো মসজিদ।
তবে দেশটিতে ইসলামের ইতিহাস বেশ দীর্ঘ। আফ্রিকা থেকে দাস হিসেবে ক্যারিবীয় অঞ্চল ও আমেরিকায় নিয়ে আসা মানুষের মধ্যে মুসলিমরা ছিলেন। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে হাসানাহর অর্জন দেশটির মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষ তাৎপর্য বহন করে।
শৈশবের আকাশপ্রীতি থেকে পাইলটের লাইসেন্স অর্জন, হাসানাহ আল-সাবার গল্প তাই শুধু ব্যক্তিগত সাফল্যের নয়; এটি স্বপ্ন দেখা, অধ্যবসায় এবং নিজের সক্ষমতার ওপর আস্থা রাখারও গল্প। এখন তার লক্ষ্য বাণিজ্যিক বিমান চালিয়ে পেশাদার পাইলট হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। সে লক্ষেই হাসানাহ প্রস্তুতি নিচ্ছেন।

ইসরাইলের সাধারণ নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প
ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ২৪০০, শান্ত থাকার আহ্বান ম্যাক্রোঁর
যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রীর