মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

ঝলমলে প্রযুক্তিনগরী শেনজেনে শ্রমজীবীদের অনিশ্চিত ভবিষ্যৎ

Icon প্রথম সমাচার ডেস্ক

সর্বশেষ ইপেপার জুলাই বিপ্লব জাতীয় বাণিজ্য রাজনীতি সারা দেশ বিনোদন বিশ্ব খেলা ইসলাম ও জীবন ফিচার আমার দেশ পরিবার বিশ্বের শীর্ষ নেতাদের সামনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবট ও অত্যাধুনিক প্রযুক্তির সাফল্য তুলে ধরতে প্রস্তুত চীন। দেশটির প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনকে। তবে ঝলমলে এই প্রযুক্তিনগরীর আড়ালে রয়েছে ভিন্ন এক বাস্তবতা। কারখানা বন্ধ, চাকরি হারানো, আয় কমে যাওয়া এবং বাড়তি জীবনযাত্রার ব্যয়ে চাপে রয়েছেন শহরটির বহু শ্রমজীবী মানুষ।

শেনজেনকে চীন ‘স্বপ্নের শহর’ হিসেবে অভিহিত করে। কয়েক দশক আগে ছোট একটি শহর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন ও প্রযুক্তিকেন্দ্রে পরিণত হয়েছে এটি। একসময় এখানে তৈরি হতো খেলনা, টেলিভিশন ও আইফোন। পরে যুক্ত হয়েছে বৈদ্যুতিক গাড়ি, ড্রোন এবং এখন মানবাকৃতির রোবট।

২৭ বছর বয়সী হুয়াং শিহুয়া শেনজেনের একটি শীর্ষস্থানীয় মানবাকৃতির রোবট নির্মাতা প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কাজ করেন। তার কর্মস্থলে রোবট কফি তৈরি করে, দাবা খেলে। হুয়াংয়ের ভাষায়, শেনজেনে একটি ‘অলৌকিক ঘটনা’ ঘটেছে। চীনের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য তরুণ স্বপ্ন ও উদ্যম নিয়ে এখানে এসেছেন।

এই তরুণ প্রকৌশলীরা এখন রোবটকে আরো বুদ্ধিমান করে তোলার কাজে ব্যস্ত। তাদের বিশ্বাস, আগামী এক দশকে রোবট মানুষের জন্য আরো কার্যকর হয়ে উঠবে। কফি পরিবেশন থেকে শুরু করে খনি খননের মতো বিপজ্জনক ও পুনরাবৃত্তিমূলক কাজও করতে পারবে এসব যন্ত্র।

হুয়াংয়ের কাছে শেনজেন অনেকটা যুক্তরাষ্ট্রের মতো। তার মতে, যুক্তরাষ্ট্রের মতো এখানেও তরুণেরা নিজেদের স্বপ্ন পূরণ এবং আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছেন। তিনি মনে করেন, এআই ও রোবট প্রযুক্তি শুধু মানুষের জীবনকে সহজ করবে না, বরং আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর উৎপাদনব্যবস্থাকেও এগিয়ে নিতে পারে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উন্নত প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব প্রতিষ্ঠার পরিকল্পনার সঙ্গে এই আশাবাদ সামঞ্জস্যপূর্ণ। এ কারণেই এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠেয় বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলনে শেনজেনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে শহরটির এই প্রযুক্তিনির্ভর সাফল্যের পাশাপাশি রয়েছে অর্থনৈতিক সংকটের চিত্র। আকাশচুম্বী ভবন ও আধুনিক প্রযুক্তির প্রদর্শনী থেকে দূরে শাজিং ও সংগাং এলাকার মতো পুরোনো শিল্পাঞ্চলে দেখা যায় কারখানা স্থানান্তর, কর্মসংস্থান সংকট এবং শ্রমিকদের অনিশ্চিত জীবনের বাস্তবতা। এক নির্মাণশ্রমিক বলেন, সবার জীবনই এখন কঠিন হয়ে উঠেছে। অনেক কারখানা অন্যত্র চলে গেছে, ফলে শ্রমিকেরা কাজ হারিয়েছেন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এখনো উৎপাদন খাতে শক্তিশালী অবস্থানে থাকলেও দেশটির আবাসন খাতের সংকট কাটেনি। এতে ভবিষ্যৎ নিয়ে মানুষের আস্থা কমেছে। শেনজেন চীনের অন্যতম ব্যয়বহুল শহর হলেও সেখানকার একজন ট্যাক্সিচালক জানিয়েছেন, তার বাড়ির দাম আগের মূল্যের এক-তৃতীয়াংশে নেমে এসেছে।

আবাসন খাতের দুর্বলতা ও মানুষের ভোগব্যয় কমে যাওয়ায় কারখানাগুলোও চাপে পড়েছে। অনেক প্রতিষ্ঠান উৎপাদন কমিয়েছে, কর্মী ছাঁটাই করেছে কিংবা সস্তা শ্রমের খোঁজে অন্যত্র চলে গেছে। কেউ কেউ উৎপাদনব্যবস্থায় স্বয়ংক্রিয় প্রযুক্তি যুক্ত করছে। এর ফলে অনেক শ্রমিক স্থায়ী চাকরি হারিয়ে কম বেতনের অস্থায়ী কাজে যুক্ত হচ্ছেন।

৪০ বছর বয়সী এক খাবার সরবরাহকর্মী বলেন, শেনজেনে এলেই যে সব জায়গায় অর্থ উপার্জনের সুযোগ পাওয়া যাবে, তা এখন আর সত্য নয়। তার ভাষায়, শহরটি আগের মতো সহজে উন্নতি করার জায়গা নেই। ভালোভাবে কাজ না করলে কিছুই পাওয়া সম্ভব নয়।

শহরটির এই পরিবর্তনের প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপরও। একসময় এসইজি প্লাজার দ্বিতীয় তলায় সার্কিট বোর্ডের ব্যবসা করতেন ৫০ বছর বয়সী লু। কিন্তু ব্যবসা কঠিন হয়ে পড়া এবং দোকানভাড়া বেড়ে যাওয়ায় তাকে ব্যবসা গুটিয়ে নিতে হয়েছে। পরে খাবার সরবরাহকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে নতুন কাজ শুরু করেন তিনি।

এখন খাবার সরবরাহকর্মীরা ভবনের প্রবেশপথে খাবার পৌঁছে দিলে লু তা সংগ্রহ করে লিফটে করে গ্রাহকের কাছে পৌঁছে দেন। প্রতি অর্ডারের জন্য তিনি দুই ইউয়ান পান। সরবরাহকর্মীরা প্রতি অর্ডারে চার থেকে আট ইউয়ান আয় করেন। ব্যস্ত সময়ে এই ব্যবস্থায় তাদের বেশি অর্ডার সরবরাহ করা সম্ভব হয়।

লু জানান, দুপুরের ব্যস্ত সময় মাত্র দুই থেকে তিন ঘণ্টা স্থায়ী হয়। ওই সময়ে এই সেবা কাজে লাগলেও বাজারের অবস্থা ভালো নয়। বর্তমানে তার দৈনিক আয় প্রায় ২০০ ইউয়ান।

চীনের আনুমানিক ২০ কোটি কর্মী এখন কোনো না কোনোভাবে গিগ অর্থনীতির ওপর নির্ভরশীল। শহরাঞ্চলের মোট শ্রমশক্তির প্রায় ৪০ শতাংশ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। শেনজেনের অনেক খাবার সরবরাহকর্মী জানিয়েছেন, কারখানায় কাজের সুযোগ কমে যাওয়ায় তারা অস্থায়ী পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন।

এক সরবরাহকর্মীর ভাষায়, পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হচ্ছে; পরিস্থিতি তাদের প্রয়োজন অনুযায়ী বদলাবে—এমন অপেক্ষা করার সুযোগ নেই। দুই সন্তানের দায়িত্বে থাকা আরেক কর্মী জানান, কাজ বন্ধ করার উপায় নেই তার। পরিবারের জন্য আয় করতে তাকে কাজ চালিয়ে যেতে হচ্ছে।

স্থায়ী চাকরিতে সামাজিক নিরাপত্তা ও পেনশন তহবিলে অর্থ জমা দিতে হয়। এতে হাতে পাওয়া অর্থ কমে যায়। অন্যদিকে অস্থায়ী কাজে নগদ আয় তুলনামূলক বেশি এবং কাজের সময়েও নমনীয়তা থাকে। চাকরির এজেন্ট লি শিয়াওহে জানান, অনেক শ্রমিক এখন নির্দিষ্ট মেয়াদের কাজ পছন্দ করেন। এতে ইচ্ছা হলে দ্রুত কাজ ছেড়ে দেওয়ার সুযোগ থাকে।

লি ফুটপাতের পাশে অস্থায়ী কারখানার চাকরির বিজ্ঞাপন দেন। এসব কাজে ছোট ইলেকট্রনিক পণ্য সংযোজনের জন্য ঘণ্টাপ্রতি প্রায় ২২ ইউয়ান মজুরি দেওয়া হয়। তবে তার নিজের ব্যবসাও আগের মতো ভালো চলছে না। তার ভাষায়, শেনজেনের পরিবর্তনের প্রভাব তাদের ব্যবসাতেও পড়ছে।

অন্যদিকে শহরের প্রযুক্তিগত অগ্রগতি থেমে নেই। সমুদ্রতীরবর্তী একটি বিশেষায়িত পার্কে ড্রোনের মাধ্যমে খাবার ও পানীয় সরবরাহ করা হচ্ছে। পর্যটকেরা ড্রোনের উড়াল ও নির্দিষ্ট স্থানে অবতরণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছেন। পাঁচ ইউয়ান খরচে বিবিসির প্রতিবেদকের কফি অর্ডারও ১৫ মিনিটের কিছু বেশি সময়ে ড্রোনে পৌঁছে যায়।

তবে এসব প্রযুক্তি এখনো শহরের নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ। রাত ৮টার পর ড্রোনে খাবার সরবরাহ বন্ধ হয়ে যায়। চালকবিহীন গাড়ি ব্যবহার করতেও আলাদা অ্যাপ প্রয়োজন। ফলে প্রযুক্তির এসব সুবিধা এখনো সবার দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠেনি।

শেনজেনের ঝলমলে প্রযুক্তিনগরীর বাইরে শ্রমিকদের জীবন আরো কঠিন। সস্তা খাবারের দোকানের সামনে প্লাস্টিকের টেবিলে বসে অনেক শ্রমিক রাতের খাবার খান। তুলনামূলক ব্যয়বহুল রেস্তোরাঁগুলোর ব্যবসাও কমেছে। একটি রেস্তোরাঁর মালিক জানিয়েছেন, শ্রমিকেরা খরচ করতে অনীহা দেখানোয় তার ব্যবসা ৭০ শতাংশের বেশি কমে গেছে।

৫৮ বছর বয়সী নির্মাণশ্রমিক উ ১৯৯০-এর দশকে সিচুয়ান থেকে শেনজেনে এসেছিলেন। চীন বিদেশি ব্যবসার জন্য শহরটি উন্মুক্ত করার পর লাখ লাখ মানুষ কাজের সন্ধানে এখানে এসেছিলেন। তাদের অনেকে উৎপাদন কারখানায় কাজ করেছেন, কেউ নির্মাণ করেছেন শহরের সুউচ্চ ভবন। এখনো দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ শেনজেনে আসছেন।

এসব অভিবাসী শ্রমিকের অনেকেই দিনে ১৪ ঘণ্টা পর্যন্ত কাজ করেন এবং যৌথ আবাসনে থাকেন। পরিবারের কাছে টাকা পাঠানো এবং স্থায়ী কাজ ও ভালো আয়ের আশাতেই তারা এ জীবন বেছে নিয়েছেন।

উ জানান, করোনাভাইরাস মহামারির পর তার বেতন অন্তত এক-তৃতীয়াংশ কমে যায়। এরপর আর আগের অবস্থায় ফেরেনি। তবু তিনি কাজ চালিয়ে যেতে চান। তার মতে, আয় কম হোক বা বেশি—কাজ থাকলে অন্তত কিছু অর্থ পাওয়া যায়। অর্থনীতি ভালো থাকলে শ্রমিকদের অবস্থাও ভালো হয়, আর অর্থনীতি ধীর হলে তাদের জীবনও থমকে যায়।

কয়েক দশক ধরে শেনজেনের মানুষের কাছে একটি ধারণা ছিল—কঠোর পরিশ্রম করলে জীবনমান উন্নত হবে। কিন্তু এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্তারে শহরটি যখন নতুনভাবে গড়ে উঠছে, তখন সেই পুরোনো প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে শ্রমজীবী মানুষের মধ্যে।

চীনের প্রযুক্তিগত অগ্রগতির প্রদর্শনী যতই আকর্ষণীয় হোক, শেনজেনের বাস্তবতা দেখাচ্ছে—এআইয়ের ভবিষ্যৎ নির্মাণের পাশাপাশি সেই পরিবর্তনে সাধারণ শ্রমিকদের জায়গা কোথায় হবে, সেটিও বড় প্রশ্ন হয়ে উঠেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com