প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের রায় পড়া চলছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা চলছে।
হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালতের রায়ের পর এবার উচ্চ আদালতেও মামলাটির দ্রুত নিষ্পত্তি হতে যাচ্ছে।
এর আগে সোমবার উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। হাইকোর্টে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
মামলার নথিপত্র অনুযায়ী, রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনা আড়াল করতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুর আর্তনাদ শুনতে পেলেও তা যে তার নিজের সন্তানের, সেটি তখন বুঝতে পারেননি। পরে পাশের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে সহযোগী আসামি স্বপ্না আক্তারকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গত ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওই সময় রামিসার বাসায় গিয়ে শোকসন্তপ্ত মা-বাবাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তারা জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।
১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। ২ জুন মাত্র এক দিনেই সম্পন্ন হয় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ। আর হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন ট্রাইব্যুনাল রায় দেয়। সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত সাভার-আশুলিয়া, ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার
কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার