প্রথম সমাচার ডেস্ক:
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সড়ক অবরোধকে কেন্দ্র করে কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে কয়েকটি পোশাক কারখানায় ছুটিও ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া এবং আশুলিয়ার জামগড়া ও খেজুরবাগান এলাকায় এসব ঘটনা ঘটে। শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়।
সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিক জড়ো হয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের সড়ক ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে উত্তেজনা তৈরি হয়।
শিল্প পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়।
এদিকে একই দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন।
এরপর সকাল ১০টার দিকে খেজুরবাগান এলাকায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ শুরু করলে সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
অন্যদিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানায় মঙ্গলবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলোর আশপাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর
জ্বর কমানোর ঘরোয়া উপায়