রোববার, ০১ নভেম্বর ২০২৬
Logo
×

ঝালকাঠিতে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রদল কর্মী তুরাগের নাম, ক্ষুব্ধ বিএনপি

Icon প্রথম সমাচার ডেস্ক

মামলার আসামি তুরাগ মৃধা বলেন, ‘আমাদের মধ্যে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে। কিন্তু আমরা সবাই তারেক রহমানের দল করি। আওয়ামী লীগের সঙ্গে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আমার নাম কেন বা কার ইশারায় দেওয়া হয়েছে, তা আমার জানা নেই। আমার বাবা রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। আমরাও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি সামনে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।

রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম মৃধা বলেন, তুরাগ দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে দলীয় মিছিল-মিটিংয়েও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দায়ের করা মামলায় তাঁর নাম আসা কোনোভাবেই কাম্য নয়। হয়তো নামের ভুল কিংবা ভুল বোঝাবুঝির কারণে এমনটি হতে পারে।

ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ‘তুরাগ রাজাপুর উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। তাঁর বাবাও বিএনপির একজন নেতা। অথচ তুরাগকে ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে মামলার আসামি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) কঠোরভাবে প্রশ্ন করেছি। তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।’

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, তুরাগ যদি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকেন, তাহলে ২০২৬ সালে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দায়ের করা মামলায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা মোটেও কাম্য নয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি নিশ্চিত করলে এ বিষয়ে প্রশাসনের কাছে জবাবদিহি চাইব।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘এই মামলায় ছাত্রদলের কারও নাম থাকার কথা নয়। তারপরও যদি থেকে থাকে, তাহলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com