রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

টানা বৃষ্টিতে ফসলের ক্ষতির শঙ্কা, লোকসানের মুখে মেহেরপুরের কৃষক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সার, বীজ ও কীটনাশকের বাড়তি দাম, সেচ ও শ্রমিক খরচের চাপ সামলে কয়েক মাসের পরিশ্রম শেষে পাকা ধান ও কলাই ঘরে তোলার অপেক্ষায় ছিলেন মেহেরপুরের কৃষকেরা। স্বপ্ন ছিল ফসল বিক্রি করে ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের অভাব-অনটন কিছুটা ঘুচবে। কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে টানা দুই দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাস।

বৃষ্টিতে মাঠে জমেছে পানি, নুয়ে পড়েছে পাকা ধান। কোথাও কেটে রাখা ধান পানিতে ভিজে নষ্ট হচ্ছে, আবার ভেজা কলাই নিয়ে দেখা দিয়েছে পচনের শঙ্কা। এতে মৌসুমের শেষ মুহূর্তে ফলন বিপর্যয় ও আর্থিক লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকেরা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর রাত থেকে ২১ নভেম্বর ভোর পর্যন্ত মেহেরপুর জেলায় মোট ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে ফসলি জমিতে পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে ধান কাটার কাজ। মাঠে কেটে রাখা ধান পানিতে ভিজে থাকায় কোথাও কোথাও ধান থেকে নতুন চারা গজাতে শুরু করেছে। অন্যদিকে ঝোড়ো বাতাসে জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। এতে ধানের গুণগত মান কমে যাওয়া, চিটা বৃদ্ধি ও ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

ঝোড়াঘাট গ্রামের ধানচাষি আজমল হোসেন বলেন, আমার এক বিঘা জমির ধান কেটে মাঠেই রাখা আছে। এ বছর জমিতে ফসল খুব ভালো হয়েছিল। এক বিঘা জমিতে ১৮ মণ ধান পাওয়ার কথা। অথচ দুই দিনের বৃষ্টিতে সেই ফসল অর্ধেকে নেমে আসবে। এখন ১০ মণ ধান পাওয়াও কঠিন হয়ে যাবে।

ধানচাষি জনি বলেন, এক বিঘা জমিতে সেচ খরচ তিন হাজার টাকা, সার ও কীটনাশক ছয় হাজার টাকা, চারা কিনতে এক হাজার ৪০০ টাকা, মাড়াইয়ে দুই হাজার টাকা। নিড়ানিসহ সব মিলিয়ে প্রায় ১৪ হাজার টাকা খরচ হয়। এই জমিতে ১৫ থেকে ১৭ মণ ধান পাওয়া যায়। কিন্তু টানা বৃষ্টিতে ফলন ১০ মণে নেমে আসবে। এতে এ বছর লোকসানে পড়তে হবে।

আরেক কৃষক আব্দুল খালেক বলেন, তার ৩৫ কাঠা জমিতে আমন ধানের আবাদ রয়েছে। আরও সপ্তাহখানেক পর ধান কাটার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টি ও বাতাসে জমির সব ধান মাটিতে শুয়ে পড়েছে। এতে ফলন অর্ধেকে নেমে আসার আশঙ্কা করছেন তিনি।

ধানের পাশাপাশি বৃষ্টিতে বিপাকে পড়েছেন কলাইচাষিরাও। দুই দিন আগে জমি থেকে কলাই কেটে শুকানোর জন্য রেখেছিলেন কৃষক একরাম। বৃষ্টি শুরু হওয়ায় কলাই এক জায়গায় জড়ো করে পালা দিয়ে রেখেছেন। এতে ভাপসা হয়ে কলাই পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি। তাঁর আশঙ্কা, বৃষ্টির কারণে ফলন অর্ধেকে নেমে আসবে।

কলাইচাষি আমজাদ হোসেন বলেন, এ বছর এমনিতেই মাঠে কলাইয়ের অবস্থা ভালো না। যেখানে এক বিঘা জমিতে পাঁচ মণ কলাই পাওয়া যায়, সেখানে এবার আড়াই থেকে তিন মণ হচ্ছে। টানা বৃষ্টিতে তা এক থেকে দেড় মণে নেমে আসবে। যে কলাইয়ে পানি লেগেছে, সেগুলো নষ্ট হয়ে সাদাটে হয়ে যাবে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মেহেরপুর জেলায় ২৬ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৩ হাজার মেট্রিক টন। এ ছাড়া প্রায় দুই হাজার হেক্টর জমিতে কলাই চাষ হয়েছে। তবে আকস্মিক বৃষ্টিতে উঠতি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কয়েক মাসের পরিশ্রম, ঋণ ও উৎপাদন খরচের হিসাব মাথায় নিয়ে ফসল ঘরে তোলার অপেক্ষায় থাকা কৃষকদের কাছে এই বৃষ্টি এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঠের পানি দ্রুত না নামলে এবং আবহাওয়া অনুকূলে না ফিরলে ধান ও কলাইয়ের ক্ষতি আরও বাড়তে পারে। এতে মৌসুম শেষে কাঙ্ক্ষিত ফসল তো দূরের কথা, উৎপাদন খরচ তুলে নেওয়াও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ২৬ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৯৩ হাজার মেট্রিক টন। কলাই চাষ হয়েছে দুই হাজার হেক্টর জমিতে। টানা বৃষ্টিতে উঠতি ফসলের বেশ ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলা কৃষি কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিতে এখন পর্যন্ত ১ হাজার ৬১৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ফসলের তথ্য সংগ্রহ চলছে। সব তথ্য পাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com