প্রথম সমাচার ডেস্ক:
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে থানায় অগ্নিসংযোগের খবর পেয়েও নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে যেতে পারছে না ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বিডিনিউজকে বলেন, ‘আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোকজন জড়ো করেন। পরে তারা লাঠিসোঁটা নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন এবং থানা ভবন ও চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে থানা থেকে গ্রেপ্তার কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে যাওয়ার খবর তিনি শুনেছেন। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাননি।
এ বিষয়ে জানতে জেলা ও থানা পুলিশের কর্মকর্তাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষে ফোন করা হলে একজন কর্মকর্তা পরে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন।

রাজধানীর বনানীতে পুলিশ বক্সে পেট্রোল বোমা নিক্ষেপ
গাজীপুরে নিষিদ্ধ আ. লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন