শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে বৈশ্বিক সংঘাতের পাশাপাশি নোবেল শান্তি পুরস্কার নিয়েও আলোচনা হয়েছে। এ সময় ট্রাম্পের নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে রসিকতা করে বিকল্প সমাধানের কথা বলেছেন পুতিন। একই সঙ্গে নোবেল কমিটির নিরপেক্ষতা ও পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন রুশ প্রেসিডেন্ট।

পুতিনের দাবি, নোবেল পুরস্কারের তহবিল গঠনে ব্যবহৃত অর্থের একটি অংশের উৎস ছিল রাশিয়ায় আলফ্রেড নোবেলের ব্যবসা। অথচ বর্তমানে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখতে অনাগ্রহী অনেকেই নোবেল কমিটির কাছ থেকে পুরস্কারের অর্থ নিতে দ্বিধা করছেন না।

পুতিন বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, নোবেল কমিটি মূলত সেই অর্থ ব্যবহার করে, যা নোবেল রাশিয়ায় ব্যবসা করে উপার্জন করেছিলেন। রাশিয়ায় তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ডই ছিল তাঁর সম্পদের মূল উৎস। বর্তমানে সেই ফাউন্ডেশন পুরস্কারপ্রাপ্তদের অর্থ দিচ্ছে। কিন্তু মানুষ আর মনে রাখে না, এই অর্থের উৎস ছিল রাশিয়া।’

তিনি আরও বলেন, ‘তারা আমাদের সঙ্গে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্ক রাখতে চায় না। অথচ নোবেল কমিটির মাধ্যমে আসা অর্থ তারা আনন্দের সঙ্গে গ্রহণ করছে।’

নোবেল শান্তি পুরস্কারের বর্তমান মর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছেন পুতিন। তাঁর মতে, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে প্রকৃত অবদানের চেয়ে অনেক সময় রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাচ্ছে।

পুতিন বলেন, ‘আমি জানি না, বর্তমান সময়ে নোবেল শান্তি পুরস্কারের আদৌ কোনো মূল্য আছে কি না। বিশেষ করে এমন কিছু উদাহরণ রয়েছে, যেখানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় কোনো ব্যক্তির প্রকৃত অবদানের ভিত্তিতে নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বিবেচনায় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমার মনে হয়।’

নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনার একপর্যায়ে ট্রাম্পকে রসিকতার ছলে বিকল্প সমাধান দেন পুতিন। তিনি জানান, বিষয়টি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ‘অনেকটা ঠাট্টার ছলেই’ আলোচনা হয়েছিল।

পুতিনের ভাষায়, ‘আপনারা জানেন, আমাদেরও নিজস্ব পুরস্কার রয়েছে। আমাদের এমন একটি কমিটি আছে, যেখানে অত্যন্ত সম্মানিত ব্যক্তিরা রয়েছেন। তাঁরা মানবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের অবদানের মূল্যায়ন করে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেন। তাই এটিই হয়তো একটি সমাধান হতে পারে।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com