মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরান-সংক্রান্ত সম্ভাব্য শান্তি চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, যেকোনো সমঝোতা এমন হতে হবে যা দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও টেকসই শান্তি নিশ্চিত করতে সক্ষম হয়।
শনিবার স্টারমারের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য শান্তি চুক্তি বাস্তবায়নে যুক্তরাজ্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
এতে আরও বলা হয়, বৈশ্বিক অর্থনীতির ওপর চলমান অস্থিরতার প্রভাব কমাতে সমুদ্রপথে অবাধ নৌ-চলাচল পুনঃপ্রতিষ্ঠা জরুরি বলে দুই নেতা একমত হয়েছেন। পাশাপাশি ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার বিষয়ে সম্মতি প্রকাশ করেন তারা।
এর আগে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে নতুন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চুক্তিটি রোববার স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য উন্মুক্ত হবে।
আরেক পোস্টে ট্রাম্প বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে যুক্তরাষ্ট্র ইরানে গিয়ে বি-২ বোমারু বিমানের হামলায় ভূগর্ভে চাপা পড়ে থাকা পারমাণবিক ধুলাবালি সংগ্রহের উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, “আমি আশা করি পুরো প্রক্রিয়াটি দ্রুত, সহজ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। তবে যদি তা সম্ভব না হয়, তাহলে আমাদের কাছে বিকল্প ব্যবস্থা রয়েছে, যদিও সেটি ব্যবহারের প্রয়োজন না পড়লেই ভালো।”
সূত্র: আল জাজিরা
