প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। যাত্রী সমাগম শূন্যের কোঠায় নেমে আসায় স্টেশনকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ী, রিকশাচালক ও দিনমজুরদের দৈনিক আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে। অন্যদিকে, সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা হারিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও নিয়মিত যাত্রীরা।
গত ১৫ নভেম্বর থেকে নিরাপত্তা ও সাম্প্রতিক সহিংসতার কারণে গোপালগঞ্জের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য (টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অভিযাত্রী কমিউটার, রূপসী বাংলা, জাহানাবাদ এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস) বন্ধ রয়েছে। পাশাপাশি দুটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জ থেকে সরিয়ে বিকল্প রুটে চালানোর সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিনে গোপালগঞ্জ রেলস্টেশন এলাকা ঘুরে দেখা গেছে, একসময় যেখানে ট্রেনের হুইসেল আর যাত্রীদের কোলাহলে মুখর থাকত পুরো চত্বর, সেখানে এখন সুনসান নীরবতা। স্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের দোকানগুলোতে ক্রেতা নেই বললেই চলে। অলস সময় পার করছেন স্টেশনকেন্দ্রিক রিকশা ও ভ্যানচালকেরা।
ট্রেন বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন স্টেশনের পাশের ক্ষুদ্র দোকানদাররা। ক্রেতা সংকটে অনেকেই পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন। এ বিষয়ে স্টেশনসংলগ্ন এক দোকানদার মিজান বলেন, আগে ট্রেন আসলে দিনে যে বেচাকেনা হতো, এখন তার অর্ধেকও হয় না। সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।
আরেক দোকানি শিউলি বেগম বলেন, আগে আমরা দৈনিক আয় করতাম ১২০০-১৮০০ টাকা। এখন ২০০-৩০০ টাকা হয়। খুব কষ্টে জীবন যাচ্ছে। বাচ্চাদের পড়ালেখার খরচ আছে তাছাড়া আমাদের দোকানের ওপর নির্ভরশীল হয়েই সংসার চালাতে হয়। গুটি কয়েক নেতাকর্মীর জন্য আমাদের কষ্ট হচ্ছে। সরকারের কাছে আবেদন ট্রেনটা চালু করে দেন।
একই অবস্থা স্টেশন এলাকার রিকশা ও অটোরিকশা চালকদেরও। ট্রেনের যাত্রীদের ওপর নির্ভর করেই তাদের দিনের আয়ের বড় একটি অংশ আসত। বর্তমানে সড়কপথে যাত্রী কম থাকায় এবং যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের আয়ে বড় ধরনের ধস নেমেছে।
স্টেশন এলাকার রিকশাচালক মিঠু আক্ষেপ করে বলেন, ট্রেন বন্ধ হওয়ার পর থেকে ভাড়া নেই বললেই চলে। সারা দিন বসে থেকে জমার টাকা তোলাই দায় হয়ে গেছে। সারা দিনে বেশির ভাগ সময় বসে থেকেই কাটছে। আমি প্রতিদিন ট্রেনের যাত্রী বহন করতাম। জিনিসপত্রের যে দাম আর আমার যে আয় তাতে অনেক ভোগান্তিতে পড়েছি।
শুধু শ্রমজীবী মানুষই নন, ট্রেন বন্ধের সরাসরি প্রভাব পড়েছে সাধারণ শিক্ষার্থী ও কর্মজীবীদের ওপরও। বাসে যাতায়াতে সময় ও ভাড়া দুটোই বেশি লাগায় বিপাকে পড়েছেন তারা।
শিক্ষার্থী শরীফ বলেন, ট্রেনে যাতায়াত আমাদের জন্য অনেক সাশ্রয়ী ও নিরাপদ ছিল। এখন বাড়তি ভাড়া দিয়ে বাসে যাতায়াত করতে গিয়ে পড়াশোনার খরচ চালানো কষ্টকর হয়ে যাচ্ছে।
ট্রেন চালুর বিষয়ে গোপালগঞ্জ রেলস্টেশনের মাস্টারের রত্না বৈদ্য এশিয়া পোস্টকে বলেন, এখনই ট্রেন চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। গোপালগঞ্জে চলমান পরিস্থিতির ওপর নির্ভর করে ট্রেন সেবা বন্ধ রয়েছে। আগামী ৩০ নভেম্বরের পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
সূত্র: মূল প্রতিবেদন

টঙ্গীতে মাদ্রাসায় হামলার মামলায় জামিন পেলেন আলোচিত শাহজালাল রুমী