প্রথম সমাচার ডেস্ক:
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ পয়েন্টে বাড়তি সদস্য মোতায়েনের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। টহল ও চেকপোস্ট বাড়িয়ে নজরদারিতে সম্পৃক্ত করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরও।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসা-যাওয়ার তথ্য আছে গোয়েন্দাদের কাছে।
ডিসেম্বরে এই ধরণের তৎপরতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। সীমান্তের স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, থারমাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার ও সার্চলাইট।
বিজিবি বলছে, নজরদারির কাজে সম্পৃক্ত করা হয়েছে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও।
বিজিবি সদর দফতরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, আমাদের সতর্কতা, টহল এবং প্রযুক্তির ব্যবহার অনেকাংশে বাড়িয়েছি। যেকোনো ভালনারেবল পয়েন্টে, যেগুলো আমরা বিশেষভাবে নজরদারি করছি, সেসব জায়গায় আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে, যাতে আমরা যে কোনো অবৈধ অনুপ্রবেশ নিয়ম মোতাবেক সরকারি আদেশ অনুযায়ী প্রতিহত করতে পারি।
‘সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা চলছে। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে’, যোগ করেন তিনি।
অবৈধ অনুপ্রবেশে সহায়তাকারী বেশ কিছু চক্র তৎপর রয়েছে সীমান্তে। তাদেরকে শনাক্ত করার পরামর্শ বিশ্লেষকের।
সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, সীমান্তে প্রচলিত নিয়মনীতি লঙ্ঘন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিছু চক্র জড়িত। এসব চক্রের সঙ্গে স্থানীয় পর্যায়ের কিছু ব্যক্তিরও সম্পৃক্ততা রয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে এসব চক্রের সহায়তায় অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারেন, সেজন্য চক্রগুলোকে শনাক্ত করে নজরদারির আওতায় আনতে হবে।
সীমান্তে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ যেন অনুপ্রবেশে সহায়তা না করতে পারে, সেদিকেও নজরদারির পরামর্শ বিশ্লেষকের।
সূত্র: মূল প্রতিবেদন

‘দুশমন ধইরা ধইরা পার দে’, ফেসবুকে পোস্ট দেওয়া যুবলীগ কর্মী মাহমুদ গ্রে’ফ’তা’র