সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Logo
×

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ৮ম আন্তর্জাতিক সুফি সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত

প্রথম সমাচার ডেস্ক ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক ৮ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক। সম্মেলন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মুহসীন উদ্দীন মিয়া শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদী।

সম্মেলনে বাহরাইনের সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. ইব্রাহিম আল-শেখ রশিদ আল-মুরাইখী আরব উপসাগরীয় অঞ্চলে সুফিবাদ নিয়ে একটি গবেষণাপত্র উপস্থাপন করেন। অন্যদিকে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জামাল ফারুক জিবরিল মাহমুদ ‘সামা’ বিষয়ে আল-আজহার শরিফের ফিকহভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান বিশ্বের নানা সংকট ও অস্থিরতার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সুফি সাধকদের মানবপ্রেমের দর্শন আরও ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে সুফি সংস্কৃতি নিয়ে গবেষণা ও চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, মাওলানা জালালুদ্দীন রুমি, হাফিজ শিরাজী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য ও মানবপ্রেমের দর্শন সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে গবেষকদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় একটি প্যানেল আলোচনা। অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান এবং ড. আব্দুল্লাহ আল মাহমুদ।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে সিরিয়ার দামেস্ক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফেইরোজ আসাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী গবেষণাপত্র উপস্থাপন করেন। তাঁদের আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে সুফিবাদের ধর্মতাত্ত্বিক, সামাজিক ও সাহিত্যিক প্রভাবের বিভিন্ন দিক উঠে আসে।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল প্রখ্যাত সুফি কবি ফরিদউদ্দিন আত্তার নিশাপুরি রচিত ‘মুসিবতনামা’ গ্রন্থের বাংলা অনুবাদ প্রকাশনা। অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...