শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

বিএনপি’র দুই নেতার নির্দেশে প্রকাশ্যে যানবাহন থেকে চাঁদা উত্তোলনের ভিডিও ভাইরাল!

Icon প্রথম সমাচার ডেস্ক

খোজ নিয়ে জানা গেছে, আজগানা ইউনিয়নের বেলতৈল শেখের চালা গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল ও একই গ্রামের ছুরত আলীর ছেলে ইউসুফ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর পাশেই চেয়ার পেতে বসেন। এরপর তাঁরা বিভিন্ন যানবাহন থামিয়ে ‘টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতি’র রশিদ ব্যবহার করে প্রতিটি গাড়ি থেকে ১০০ করে চাঁদা আদায় করেন। এ সময় অনেক চালকের কাছ থেকে রশিদ ছাড়াও টাকা নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

একাধিক ট্রাকচালক জানান, হাটুভাঙ্গা সেতুর উত্তর পাশে দু’জন ব্যক্তি ট্রাক থামিয়ে জেলা ট্রাক মালিক সমিতি’র রশিদ দিয়ে ১০০ করে চাঁদা নিচ্ছেন। এর আগে ওই স্থানে এভাবে কোনো টাকা আদায় করা হতো না। হঠাৎ করে সড়কে গাড়ি থামিয়ে টাকা চাওয়ায় তাঁরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। টাকা দিতে আপত্তি জানালে আদায়কারীরা চালকদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ তাঁদের।

উল্লেখ্য, হাটুভাঙ্গা সেতু এলাকায় সরকারিভাবে ইজারা দেওয়া ডাকের আওতায় থাকা ইজারা কমিটিকে নির্ধারিত টাকা পরিশোধ করার পরও মাত্র ৩০০ গজ সামনে গিয়ে প্রতিটি গাড়ি থেকে নতুন করে ১০০ টাকা আদায়ের ঘটনায় চালক ও সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। একই সড়কে অল্প দূরত্বের ব্যবধানে দুই দফা টাকা দিতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চালকেরা। তাঁদের প্রশ্ন, সরকারিভাবে ইজারা দেওয়া স্থানের জন্য টাকা পরিশোধের পরও কেন একই সড়কে আবারও টাকা দিতে হবে? এভাবে একাধিক স্থানে টাকা আদায়ের ফলে পরিবহন খরচ বাড়ার পাশাপাশি চালকদের ভোগান্তিও বাড়ছে বলে অভিযোগ তাঁদের।

এদিকে, সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে টাকা আদায়ের সময় সোহেল ও ইউসুফের কাছে এর কারণ জানতে চান স্থানীয় সাংবাদিক গ্রীন টেলিভিশনের মির্জাপুর প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন। এ সময় সোহেল জানান, এলাকার কোটিপতি লাল মিয়া ও কবীর সিকদারের নির্দেশেই তাঁরা টাকা আদায় করছেন। পরে সাংবাদিককে হাটুভাঙ্গা সমিতির কার্যালয়ে গিয়ে দেখা করার কথা বলে তাঁরা চেয়ার থেকে উঠে একটি অটোরিকযোগে মালামাল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোড়াই-হাটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া ওরফে কোটি লাল মিয়া মুঠোফোনে বলেন, জেলা থেকে ট্রাক মালিক সমিতির কমিটি দেওয়া হয়েছে। নিয়ম মেনেই বৈধভাবে টাকা নেওয়া হচ্ছিল। মহাসড়ক থেকে টাকা আদায় করার বৈধতা আছে কিনা জানতে চাইতেই তিনি কিছু বলতে পারবেন না বলে ফোন কেটে দেন!

আজগানা ইউনিয়ন বিএনপির অর্থ-বিষয়ক সম্পাদক ও গোড়াই-হাটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কবীর সিকদার বলেন, টাকা আদায়ের বিষয়টি তাঁর জানা ছিল না। জানার পরপরই তা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি টাকা আদায়ের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণি বোখারী বলেন, তাঁর ইউনিয়নে বিএনপির কোনো নেতা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তা প্রমাণিত হওয়ার পর উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা স্বাপেক্ষে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী বলেন, সড়কে টাকা আদায়ের বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। সড়কে চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই। তারপরও এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com