শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

তিতাস-২৮ কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু

Icon প্রথম সমাচার ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কূপটির গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কূপটি থেকে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন মাসের মধ্যে দেশীয় উৎস থেকে নতুন এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলো। আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর মাধ্যমে গ্যাস সংকট মোকাবিলায় সরকার কাজ করছে।

তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শুরু হয় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর এবং শেষ হয় চলতি বছরের ১৯ জুন। কূপটির খননকাজে ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। কূপটির গভীরতা প্রায় ৩ হাজার ৬০১ মিটার।

প্রতিমন্ত্রী বলেন, আমদানির পাশাপাশি দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে হবে। বর্তমানে দেশকে প্রায় তিন গুণ বেশি ব্যয়ে এলএনজি আমদানি করতে হচ্ছে। দীর্ঘমেয়াদে এভাবে অতিরিক্ত ব্যয় বহন করা সম্ভব নয়। তাই উৎপাদন সক্ষমতা বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, তিতাস-২৮ থেকে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বাড়বে, বিদ্যুৎ উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, তিতাস-২৮, তিতাস-২৯, তিতাস-৩০ ও তিতাস-৩১ নম্বর কূপের খননকাজ চলমান রয়েছে। দেশীয় উৎস থেকে সম্মিলিতভাবে ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট এবং একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল থেকে ১ হাজার মিলিয়ন ঘনফুটসহ মোট ৩ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে সম্ভাব্য ৫ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা গেলে দেশের চাহিদা পূরণ সম্ভব হবে বলে জানান তিনি।

দেশে গ্যাসের স্বাভাবিক দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আগে সরবরাহ ছিল ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। সংকটের সময় তা কমে ২ হাজার ৩৫০ মিলিয়ন ঘনফুটে নেমেছিল। তবে সরকারের জরুরি উদ্যোগে গত ১৫ সেপ্টেম্বর থেকে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অনশোর ও অফশোর—উভয় ক্ষেত্রেই গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। তিতাস-২৮ কূপ চালু হওয়াকে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

আগামী ১০ বছরের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে ১৫০টি এবং ২০৩৫ সালের মধ্যে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ৩১টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং সাতটির কাজ চলমান। ১৫০টি কূপ খনন সম্পন্ন হলে দৈনিক ১ হাজার ৭৬২ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস পাওয়া যাবে বলে জানান তিনি।

এ ছাড়া বিদ্যমান দুটি এফএসআরইউ থেকে ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট এবং পরিকল্পিত আরও দুটি এফএসআরইউ থেকে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হক, অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো. রফিকুল আলম, প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে চীনা একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিতাস-২৮ কূপের খননকাজ শুরু হয়। প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক সময়ে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com