হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর একটি প্রচেষ্টা বিজিবি প্রতিহত করেছে বলে জানিয়েছে বাহিনীটি। এ সময় স্থানীয় বাসিন্দা ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরাও বিজিবির সঙ্গে অবস্থান নেন।
শনিবার (২৭ জুন) ভোরে তেলিয়াপাড়া সীমান্তের ১৯৮২ নম্বর প্রধান সীমান্ত পিলারের ১১-এস উপ-পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবির দাবি, রাতের অন্ধকারে কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়। এ সময় সীমান্ত এলাকায় থাকা নিরাপত্তা বাতিগুলোও বন্ধ ছিল বলে বাহিনীর পক্ষ থেকে উল্লেখ করা হয়।
খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। পরে স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরাও সেখানে গিয়ে বিজিবিকে সহযোগিতা করেন।
বিজিবির দৃঢ় অবস্থান এবং স্থানীয়দের উপস্থিতির কারণে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে সীমান্তে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে বাহিনীটি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মন্নান বলেন, ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ ও চা শ্রমিকরা দ্রুত সীমান্তে গিয়ে বিজিবির পাশে দাঁড়ান। দেশের সীমান্ত সুরক্ষার প্রশ্নে স্থানীয়রা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
