অধিক্ষেত্র হ্রাসসংক্রান্ত বিধিমালা সংশোধনের উদ্যোগ বন্ধ এবং নতুন আইন প্রণয়নের প্রক্রিয়া বাতিলের দাবিতে দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন দেশের মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর পদত্যাগের দাবিতে এক দফার কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ‘বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে কাজী নেতারা এ হুঁশিয়ারি দেন। সারাদেশে থেকে আসা প্রায় তিন হাজার মুসলিম নিকাহ রেজিস্ট্রার এ কর্মসূচিতে অংশ নেন। বিকেল ৪টা পর্যন্ত চলে এ মানববন্ধন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সময়ে গঠিত বিধিমালার মাধ্যমে কাজীদের অধিক্ষেত্র নির্ধারিত হয়েছিল। কিন্তু বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে নিকাহ রেজিস্ট্রাররা চরম নিগ্রহের শিকার হয়েছেন। বিধিবহির্ভূতভাবে লাইসেন্স বাতিলসহ ভুয়া মামলা ও জেল-জুলুমের মুখোমুখি হতে হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর আলেমসমাজ ও নিকাহ রেজিস্ট্রাররা ন্যায়বিচার ও পেশাগত সুরক্ষার আশা করলেও, বর্তমানে কাজীদের অধিক্ষেত্র কর্তন ও নতুন আইন প্রণয়নের মাধ্যমে তাদের জীবিকা সংকুচিত করার অপচেষ্টা চলছে।
মানববন্ধন শেষে কাজী নেতারা প্রধানমন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা মূল দাবিগুলো হলো, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’-এর ১৩ ধারা অনুযায়ী বর্তমানে বহাল থাকা কাজীদের অধিক্ষেত্র তাদের অবসরকালীন সময় পর্যন্ত অপরিবর্তিত রাখা। নির্দিষ্ট কোনো অবসর ভাতা না থাকায় অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা। কাজীদের অবসর বা মৃত্যুর পর তাদের যোগ্য সন্তানদের অগ্রাধিকারের ভিত্তিতে সরাসরি নিয়োগ প্রদান করা। বর্তমান বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন ফি, নকল ফি এবং কমিশন ফি বাড়ানো।
নোটারি পাবলিকের মাধ্যমে বেআইনি বিবাহ ও তালাকের হলফনামা সম্পাদন পুরোপুরি বন্ধ করা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিকাহ রেজিস্ট্রারদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে বিরত থাকা।

অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না : আইনমন্ত্রী