ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়ার পর তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি বাংলাদেশে পৌঁছান।
এর আগে সরকারি সফরে ভারত পৌঁছানোর পর দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য আটকে রাখে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, নিরাপত্তা-সংক্রান্ত একটি ‘ওয়াচলিস্টে’ তার নাম থাকায় নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা আসে। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি সফর বাতিল করে দেশে ফিরে আসেন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পরই এই জটিলতার সৃষ্টি হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে তাকে কিছু সময়ের জন্য আটকে রাখে।
সূত্রগুলোর দাবি, ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি ব্ল্যাকলিস্ট থেকে তার নাম আগেই অপসারণ করা হলেও সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে সময়মতো হালনাগাদ না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে এ বিষয়ে ভারত বা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। একই সঙ্গে কী কারণে তার নাম ওয়াচলিস্টে অন্তর্ভুক্ত হয়েছিল এবং কেন তা এখনো সক্রিয় ছিল, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
