ভারত সফরে গিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের মুখে পড়েন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার নাম নিরাপত্তা-সংক্রান্ত একটি ওয়াচলিস্টে শনাক্ত করায় সাময়িকভাবে তাকে আটকে রাখা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি সফর বাতিল করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে দিল্লিতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার নাম নিরাপত্তা নজরদারি তালিকায় শনাক্ত হয়। এরপর তাকে পৃথকভাবে অতিরিক্ত যাচাইয়ের জন্য অপেক্ষা করতে বলা হয়।
সূত্রের দাবি, তথ্য হালনাগাদে প্রশাসনিক জটিলতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি ব্ল্যাকলিস্ট থেকে তার নাম আগেই অপসারণ করা হলেও সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে যথাসময়ে হালনাগাদ হয়নি। ফলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় স্বয়ংক্রিয় সতর্কবার্তা জারি হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ ও অতিরিক্ত যাচাইয়ের মুখোমুখি হতে হয়।
পরবর্তীতে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ডা. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ইমিগ্রেশন প্রক্রিয়ায় ঘটে যাওয়া এ অভিজ্ঞতার কারণে তিনি নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
এ ঘটনায় ভারত বা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। এছাড়া কী কারণে তার নাম ওয়াচলিস্টে অন্তর্ভুক্ত ছিল এবং কেন তা এখনো সক্রিয় অবস্থায় ছিল, সে বিষয়েও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
