দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে ইসলামাবাদে পৌঁছান তিনি। সফরকালে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন গুতেরেস।
সংবাদমাধ্যম দ্য ডন বলছে, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে ৬ থেকে ৮ অক্টোবর জাতিসংঘ মহাসচিব পাকিস্তান সফর করছেন বলে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। সফরে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলায় পাকিস্তানের প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ‘পাকিস্তানে পৌঁছানোর পর মহাসচিব আন্তোনিও গুতেরেসকে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত নাবিল মুনির।’
জাতিসংঘের মহাসচিব হিসেবে গুতেরেসের ১০ বছরের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। সফরকালে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চিফ অব ডিফেন্স ফোর্সেস ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন বলে সোমবার (৫ অক্টোবর) জানিয়েছিল পররাষ্ট্র দপ্তর।
এ ছাড়া জাতিসংঘের ভারত ও পাকিস্তান সামরিক পর্যবেক্ষক দলের (ইউএনএমওজিআইপি) সদর দপ্তর পরিদর্শন এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) সদর দপ্তরে একটি ব্রিফিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে গুতেরেসের।
সোমবার দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, গুতেরেসের সফরে বহুপক্ষীয় ব্যবস্থা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের প্রচেষ্টা এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও আগাম সতর্কতা ব্যবস্থায় দেশটির অগ্রগতি তুলে ধরা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, এই সফর জাতিসংঘের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সহযোগিতা পুনর্ব্যক্ত করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।
এর আগে গত মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গুতেরেসের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
ওই বৈঠকে জাতিসংঘে পাকিস্তানের ভূমিকা ও দেশটির জোরালো অবস্থানের প্রশংসা করেন গুতেরেস। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় পাকিস্তানের অবদানেরও প্রশংসা করেন তিনি। সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানের ভূমিকা ও ত্যাগের কথাও স্বীকার করেন জাতিসংঘ মহাসচিব।
জাতিসংঘের মহাসচিব হিসেবে গুতেরেসের প্রথম পাকিস্তান সফর ছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। ২০১৬ সালে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হওয়ার প্রায় তিন বছর পর তিনি প্রথমবার দেশটি সফর করেন।
সাম্প্রতিক মাসগুলোতে গুতেরেসের উত্তরসূরি হতে প্রতিদ্বন্দ্বিতা করা ছয় প্রার্থীর মধ্যে দুজন পাকিস্তান সফর করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। জুলাই ও সেপ্টেম্বরে আলাদা বৈঠকে মারিয়া ফার্নান্দা এসপিনোসা এবং রাষ্ট্রদূত ওলার ওতুননু পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন।

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার
ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই
যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা