সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Logo
×

দুর্নীতি, চাঁদাবাজি, জবাবদিহির অভাব দূর না করলে সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে: ফয়জুল করীম

Icon প্রথম সমাচার ডেস্ক

রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো সংস্কার ও শরিয়াহভিত্তিক পরিবর্তন না আনলে অর্থনৈতিক, প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সার্বিক বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, শুধু অর্থনৈতিক নীতি বা সাময়িক পদক্ষেপ দিয়ে চলমান সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। রাষ্ট্রকাঠামোর দুর্বলতা, আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি, চাঁদাবাজি, জবাবদিহির অভাব ও প্রাতিষ্ঠানিক অনিয়ম দূর করা না গেলে উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও নাগরিক সেবাসহ সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে।

রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম বলেন, রাষ্ট্র পরিচালনার কাঠামো দুর্বল হয়ে পড়লে শুধু অর্থনৈতিক মন্দাই তৈরি হয় না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং ন্যায়বিচার ব্যাহত হয়। এতে সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি অনাস্থা তৈরি হয়। পাশাপাশি অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

তিনি আরও বলেন, একটি কার্যকর ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে রাজনৈতিক সদিচ্ছা, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এবং সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। রাষ্ট্র পরিচালনার সামগ্রিক নীতি ও কাঠামোয় দ্রুত ও কার্যকর পরিবর্তন আনা না হলে চলমান সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আলহাজ আতিকুর রহমান মুজাহিদ বলেন, চব্বিশের জুলাইয়ের অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিল একটি সমৃদ্ধ ও নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে। কিন্তু এখনো তুরাগ নদীতে মানুষের লাশ ভাসতে দেখা যায়, নারী ও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে এবং গার্মেন্টস শ্রমিকদের বেতনের দাবিতে রাজপথে আন্দোলন করতে হচ্ছে।

তিনি বলেন, যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে জাতির ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে। এখনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটছে। এমন বাংলাদেশ মানুষ প্রত্যাশা করেনি।

আতিকুর রহমান মুজাহিদ বলেন, বাংলাদেশকে কলুষমুক্ত করতে শরিয়াহভিত্তিক পরিচ্ছন্ন রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। নষ্ট রাজনীতিকে প্রত্যাখ্যান করে দলটির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ আবুল কালাম, প্রকৌশলী গিয়াস উদ্দিন পরশ, মুফতি নিজাম উদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মুফতি মাছউদুর রহমান, অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার আলহাজ আমিনুল হক তালুকদার, আলমগীর হোসেন, মুফতি সাব্বির আহমদ, আরমান হোসাইন, প্রকৌশলী আলাউদ্দিন, আশিকুর রহমান খান, আলহাজ আবু জাফর আলম প্রমুখ।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com