প্রথম সমাচার ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ধীরে ধীরে রপ্তানিমুখী খাতেও রূপ নিচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে এই খাতে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছে। পোল্ট্রি খাতের সঙ্গে বর্তমানে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যার মধ্যে ৪০ শতাংশই নারী। বর্তমানে এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
তারেক রহমান বলেন, চলতি অর্থবছরে স্থিরমূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। আর উৎপাদন প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ধীরে ধীরে রফতানিমুখী খাতেও রূপ নিচ্ছে।
সরকার একটি আত্মনির্ভরশীল ও মেধাসম্পন্ন জাতি গঠনের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, কিন্তু মেধাসম্পন্ন জাতি গঠনের জন্য প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের শতকরা ৬৫ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে নিশ্চিত হয়। প্রাণিজ আমিষ উৎপাদন কেবল খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতার বিষয়ও জড়িত।
প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতের মাধ্যমে পুষ্টির চাহিদা যেমন মিটছে, তেমনি অর্থনীতিও স্বনির্ভর হবে।
চলতি অর্থবছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬৬ লাখ মার্কিন ডলার আয় হয়েছে জানিয়ে তিনি বলেন, এ খাতের বিকাশে সরকার সব ধরনের নীতিগত ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রেখেছে। প্রাণিসম্পদ খাতের এ সাফল্যের জন্য দেশের খামারিদের, বিশেষ করে নারী খামারিদের শুভেচ্ছা জানাচ্ছি।
প্রাণিসম্পদের উন্নয়ন ও বিকাশের প্রধান অন্তরায় বিভিন্ন ধরনের রোগবালাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জেনে আশ্বস্ত হবেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশু চিকিৎসায় ইতোমধ্যে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে, যদিও এটি পর্যাপ্ত নয়। এ কারণে সরকার ইতোমধ্যে আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।
তারেক রহমান বলেন, দেশের প্রাণিসম্পদ খাত অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ধীরে ধীরে রপ্তানিমুখী খাতে রূপ নিচ্ছে। বর্তমান সরকারের সময়কালে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এই খাতের বিকাশে সরকার সব ধরনের নীতি সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা পর্যায়ক্রমে আরও বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশ একদিকে প্রাণিসম্পদ খাতে আরও স্বনির্ভর হয়ে উঠবে, অন্যদিকে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা।
বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এভাবে আমাদের নিত্যনতুন রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে এবং বিদেশে প্রাণিজ পণ্যের নতুন বাজার খুঁজে বের করতে হবে।
আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রাণিদের নির্যাতন কিংবা কষ্ট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, প্রায়ই দেখি, অনেকেই অকারণে বিভিন্ন প্রাণিকে নির্যাতন ও কষ্ট দিয়ে থাকেন। অথচ এসব প্রাণিও আল্লাহর সৃষ্টি। মানুষের উপকার ও প্রয়োজনের কথা বিবেচনা করেই আল্লাহ পৃথিবীতে বিভিন্ন প্রাণি সৃষ্টি করেছেন। তাই কোনো প্রাণির ক্ষতি করা বা তাদের কষ্ট দেওয়া উচিত নয়।
পরিবারের শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই প্রাণির প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আশপাশের কোনো প্রাণির যত্ন নিতে না পারলেও অন্তত যেন আমরা তাদের কষ্ট না দিই। সম্ভব হলে তাদের খাবার ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থায় সহযোগিতা করি। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি মমত্ববোধ তৈরি করতে পারলে একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি প্রাণিও নিরাপদ থাকবে এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত হবে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।
এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বর্ণ ও রৌপ্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
সূত্র: মূল প্রতিবেদন

শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী