প্রথম সমাচার ডেস্ক:
সারা দেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন নেওয়া শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু অনলাইনে গ্রহণ করা হবে। এ জন্য নির্ধারিত ওয়েবসাইট gsa.teletalk.com.bd। আবেদন ফি ১১০ টাকা। টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।
একজন আবেদনকারী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবেন। তবে কোনো প্রতিষ্ঠানের দুই শিফটেই আবেদন করতে চাইলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার পছন্দ করার সুযোগ থাকবে না।
মাউশি জানিয়েছে, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন ডিজিটাল লটারির মাধ্যমে অনলাইনে সম্পন্ন হবে। ভর্তি কার্যক্রম ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি লিখিত পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটি এ কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে ২০২৭ সালের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি বিভিন্ন কোটা ও ক্যাচমেন্ট এলাকার শর্তও নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার তারিখ ও সময়ও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানাতে হবে।
ভর্তি আবেদন পূরণ ও এ-সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি মাউশির ওয়েবসাইটের (www.dshe.gov.bd) ‘সেকেন্ডারি সার্কুলার/অর্ডার’ বিভাগ এবং টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ভর্তি নীতিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

প্রাথমিক শিক্ষায় ১৫ বছর মেয়াদি জাতীয় কৌশলগত রূপরেখার আহ্বান প্রতিমন্ত্রীর