প্রথম সমাচার ডেস্ক:
পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণেই আজ আওয়ামী লীগ এতটা উগ্র হয়ে উঠেছে বলে দাবি করেছেন গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালিপাড়া) সংসদ সদস্য এসএম জিলানী। তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে।
রোববার (২২ নভেম্বর) এশিয়া পোস্টকে দেওয়া অডিও বার্তায় এসব কথা জানান সংসদ সদস্য জিলানী।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন জিলানী। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্দয়ভাবে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে সাধারণ মানুষ কেউ হয়রানির শিকার হবেন না কিংবা মামলার আসামি হবেন না। ফুটেজ দেখে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারাই মামলার আসামি হবেন। তবে যে-সব ঘর পোড়ানো হয়েছে, সেসব ঘরের মালিকেরা আলাদা আলাদাভাবে মামলা করবেন।
জিলানী জানান, তার বাড়িতে, চাচাতো ভাইদের বাড়িতে এবং তাদের বাড়ির প্রায় পাঁচটি বিল্ডিংয়ে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি টিনের ঘরগুলোও ভস্মীভূত হয়েছে।
তিনি আরও জানান, টুঙ্গিপাড়ার পাঁচটি ইউনিয়ন এবং তার নিজের গ্রামেই সবচেয়ে বেশি ধ্বংসলীলা চলেছে। তার হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বাড়ি, দোকান ও পার্টি অফিস মিলিয়ে মোট ৬৭টি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে।
নিজের বাড়িতে ফেরার বিষয়ে তিনি জানান, এটি তার পৈতৃক বাড়ি এবং তাকে ফিরতেই হবে। স্থানীয় সংসদ সদস্য হিসেবে শিগগিরই সেখানে যাবেন বলেও জানান তিনি।
তিনি দাবি করেন, গত নয় মাসে এলাকার মানুষের ভাগ্য ও এলাকার উন্নয়নে কী কাজ করেছেন, তা সাধারণ তৃণমূলের মানুষের কাছে জানতে চাইলে স্পষ্ট হবে। এলাকার মানুষ তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারলে তিনি রাজনীতি করবেন না বলেও জানান। রাজনীতিতে আওয়ামী দুর্বৃত্তদের সংখ্যা খুব বেশি নয়, বরং সাধারণ মানুষের হার বেশি। আর দুর্বৃত্তদের এই কর্মকাণ্ডে পুরো গোপালগঞ্জবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সংসদ সদস্য আরও জানান, চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিবাদ পতনের আগে গোপালগঞ্জের মানুষের ওপর বাংলাদেশের মানুষের ক্ষোভ থাকলেও সংসদ সদস্য হওয়ার পর তিন এমপি মিলে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন। গোপালগঞ্জের সবাই দোষী নয় এই বার্তা নিয়ে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন, যাতে গোপালগঞ্জের মানুষ বৈষম্যের শিকার না হন, চাকরি না হারান এবং উন্নয়ন ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত না হন।
সূত্র: মূল প্রতিবেদন
