রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

মির্জাপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে কলেজ ছাত্র রবিউল হোসেনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করে তাঁদের রিমান্ড আবেদন করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের জুলহাস আলী মিয়ার ছেলে রাহাত (২১) এবং একই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে সাব্বির মিয়া ওরফে রাব্বি (২০)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামে রাজিব চাঁনের বাড়িতে আয়োজিত একটি ওরস মাহফিলে বন্ধুদের সঙ্গে বাউল গান শুনতে যায় রবিউল। সেখানে স্থানীয় কয়েকজন তরুণের সঙ্গে তাঁর বন্ধুদের কথা-কাটাকাটি ও একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয় তরুণেরা সংঘবদ্ধ হয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় রবিউলের বন্ধু রাফিকে আটক করে মারধর করা হয়। আতঙ্কিত হয়ে রবিউল দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাঁর পিছু নেয়। এরপর থেকেই নিখোঁজ ছিল রবিউল।

নিখোঁজের দুই দিন পর শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আড়াইপাড়া গ্রামের ঘটনাস্থলের পাশের একটি পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত রবিউল হোসেন উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। সে মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় নিহতের ভগ্নিপতি জহিরুল ইসলাম বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী জহিরুল ইসলাম নিহত রবিউলের বন্ধুদের বরাত দিয়ে বলেন, গ্রেপ্তার রাহাতের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা রমিজ রায়হান বলেন, এ ঘটনায় সাত-আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার দুজনকে রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এবং রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রবিউলের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com