রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

এসএসসির ফরম পূরণের সুযোগ না পেয়ে ক্ষোভ, স্কুলে তালা-ভাঙচুর

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মুন্সীগঞ্জের শ্রীনগরে এসএসসি পরীক্ষার ফরম পূরণের অনুমতি না পাওয়াকে কেন্দ্র করে অভিভাবকদের বিক্ষোভ ও হট্টগোলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে বিদ্যালয়ে তালা দিয়ে শিক্ষক ও বার্ষিক পরীক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে একদল শিক্ষার্থী বিদ্যালয়ের জানালাসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (২২ নভেম্বর) উপজেলার হাসাড়া কালীকিশোর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে টেস্ট পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৩৪ জন। পরবর্তী সময়ে বিশেষ বিবেচনায় আরও ৫৬ জনসহ মোট ৯০ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের অনুমতি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বাকি ১১১ জন শিক্ষার্থীর বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকেরা।

অভিভাবকদের অভিযোগ, গত ১৫ নভেম্বর থেকে তারা নিয়মিত বিদ্যালয়ে এসে এ বিষয়ে সিদ্ধান্ত জানতে চাইলেও প্রধান শিক্ষক ও সভাপতির দেখা পাচ্ছেন না। সহকারী শিক্ষকদের পক্ষ থেকে প্রধান শিক্ষক ও সভাপতির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেওয়া হলেও চার দিন অতিবাহিত হওয়ার পরও কোনো ফলাফল পাওয়া যায়নি। আগামীকাল ফরম পূরণের শেষ তারিখ হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ে পড়াশোনার মান ভালো নয়। শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে ইচ্ছাকৃতভাবে টেস্ট পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়। ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩৪ জন সব বিষয়ে পাস করার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ায় টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ দেখিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।

এক অভিভাবক বলেন, এক সপ্তাহ ধরে প্রতিদিন বিদ্যালয়ে আসতে বলা হচ্ছে। অথচ আগামীকাল ফরম পূরণের শেষ তারিখ। আজ পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত জানাচ্ছেন না। উল্টো বিদ্যালয়ে এসে হট্টগোলের মুখে পড়তে হচ্ছে। এদিকে বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এক অভিভাবক অসুস্থ হয়ে মাঠে পড়ে যান বলে জানা গেছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবদুল বারী বলেন, আজ প্রধান শিক্ষকের বিদ্যালয়ে আসার কথা ছিল। তবে হট্টগোলের কারণে তিনি আসেননি। তিনি অসুস্থ থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।

বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র পাল বলেন, বিদ্যালয়ে হট্টগোলের বিষয়টি এখনও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জানায়নি। তবে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে সভার মাধ্যমে একটি সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের অনুমতি দেওয়া হচ্ছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com