বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকে আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা খড়বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় মদনপুর-গোলাকান্দাইল সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই করে আসা ট্রাকটি ভোরে মিরেরটেক বাজার এলাকায় পৌঁছে খড় নামানোর অপেক্ষায় সড়কের পাশে দাঁড়ায়। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুন ছড়িয়ে পড়লে চালক ও হেলপার ট্রাক থেকে বেরিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ট্রাকে থাকা সব খড় পুড়ে যায়।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দীন জানান, ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহত হয়নি। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com