প্রথম সমাচার ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুর থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাহিদ হোসেন (২২) এবং চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লাবিব আহমেদ (২৩)।
গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে থানা থেকে পালানোর সময় তাদের আটক করে পুলিশে দেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর থানার পশ্চিম পাশে মার্চেন্ট একাডেমির সামনে থেকে থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পালানোর চেষ্টা করলে জাহিদ ও লাবিবকে আটক করেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভিসহ সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী জানান, পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে রায়পুর থানাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে তারা মনে করেন। এ সময় পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী জাহিদ হোসেন ও লাবিব আহমেদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ইন্ধনদাতা ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফেরার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী
গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক
রংপুরে প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কিত শিক্ষার্থীরা