শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব: ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা-আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

গ্রামীণ ব্যাংক পুড়ছে রাজনৈতিক প্রতিহিংসার আগুনে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত এই আর্থিক প্রতিষ্ঠানটি যেন পরিণত হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির সমর্থকদের ক্ষোভের লক্ষ্যবস্তুতে।

গত ১০ নভেম্বর থেকে মাত্র ১০ দিনে দেশের ৪০ জেলায় ব্যাংকটির ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। পুড়ে গেছে পাঁচটি কার্যালয়। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৬৭টি। হামলায় পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র, ঋণ আদায়ের শিট, আসবাব, কম্পিউটার ও সিসিটিভি সরঞ্জাম।

তবে এই হামলার সবচেয়ে বড় শিকার কোনো রাজনৈতিক ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নন; বরং গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত লাখ লাখ দরিদ্র মানুষ। বিশেষ করে ব্যাংকটির নারী ঋণগ্রহীতা ও ক্ষুদ্র উদ্যোক্তারা, যাদের সঞ্চয়, ঋণ এবং জীবিকার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রম।

গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের তথ্য অনুযায়ী, ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৭২টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ২৩টি ঘটনায় পেট্রলবোমা কিংবা ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া কেরোসিন, ডিজেল ও অন্যান্য দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে গোপালগঞ্জে, আটটি। এরপর গাজীপুরে ছয়টি। ব্যাংকের হিসাব অনুযায়ী, ১৮ ও ১৯ নভেম্বর এই দুই দিনেই ৪৯টি হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অর্থাৎ হামলার তীব্রতা শেষ দুই দিনে আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।

গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এসব হামলার জন্য নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও দলটির সমর্থকদের দায়ী করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ব্যাংকটির কার্যালয়ে হামলার সময় ও আওয়ামী লীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচির সময়ের মধ্যেও মিল পাওয়া গেছে। তবে প্রতিটি ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। ফলে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও রাজনৈতিক বিরোধ ও ক্ষোভের প্রতীকী লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে কোনো রাজনৈতিক বিরোধের দায় একটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেওয়া কিংবা তার সম্পদ ধ্বংস করার সুযোগ নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যাংকের শাখায় হামলা মানে সাধারণ মানুষের আর্থিক সেবার ওপর আঘাত।

২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ইউনূসের সম্পর্কের অবনতি ঘটে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে তার অপসারণ, আইনি বিরোধ এবং বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন চলে।

গ্রামীণ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত অক্টোবর ২০২৬-এর তথ্য অনুযায়ী, সারা দেশে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে ৮১ হাজার ৬৭৮টি গ্রামে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারধারকদের এবং বাকি ১০ শতাংশ সরকারের।

অর্থাৎ গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি বা পরিবারের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। এর মালিকানার বড় অংশই সাধারণ ঋণগ্রহীতাদের হাতে।

ব্যাংকটির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ফলে শুধু ভবন কিংবা আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে না, মাঠপর্যায়ের ঋণ বিতরণ, কিস্তি আদায়, সঞ্চয় ব্যবস্থাপনা ও গ্রাহকসেবাও ঝুঁকির মুখে পড়ছে। ব্যাংকের কার্যালয় থেকে ঋণ আদায়ের শিট, পাসবই, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র নিয়ে যাওয়ার পর সেগুলো পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। কোনো কোনো স্থানে সিসিটিভি ক্যামেরা ও হার্ডড্রাইভ নষ্ট কিংবা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

তবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানিয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ তথ্য কম্পিউটার ব্যবস্থায় সংরক্ষিত রয়েছে। ফলে নথিপত্র পুড়ে গেলেও সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব। এতে সাময়িক অসুবিধা হলেও ব্যাংকের কার্যক্রম পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা নেই। টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকা ছাড়া অধিকাংশ স্থানে ব্যাংকের কার্যক্রম মোটামুটি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

তবে প্রত্যন্ত অঞ্চলের শাখাগুলোতে নিরাপত্তাহীনতা তৈরি হলে এর সরাসরি প্রভাব পড়বে ক্ষুদ্রঋণ কার্যক্রমের ওপর। বিশেষ করে যেসব নারী ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা, কৃষিকাজ কিংবা পারিবারিক আয়ের ব্যবস্থা গড়ে তুলেছেন, তাদের জন্য নিয়মিত ঋণ ও সঞ্চয় কার্যক্রম ব্যাহত হওয়া বড় ধরনের সংকট তৈরি করতে পারে।

হামলার ব্যাপকতা ও ক্ষয়ক্ষতির তুলনায় আইনগত পদক্ষেপের অগ্রগতি নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যাংকের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে পাঠানো চিঠির তথ্য অনুযায়ী, ৭২টি ঘটনার মধ্যে মাত্র একটি ঘটনায় মামলা হয়েছে। সেটিও গোপালগঞ্জের পাটগাতী শাখায় হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে করেছে। কয়েকটি ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আরও কিছু ঘটনার ক্ষেত্রে অভিযোগ বা জিডি করার উদ্যোগ চলছে। অধিকাংশ ঘটনায় তখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদ ১৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে হামলার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং শাখা ও কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

প্রতিষ্ঠানটির দাবি, হামলার ঘটনা কেবল তাদের সম্পদ ও অবকাঠামোর ক্ষতি করছে না; এর মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা, জীবিকা এবং দীর্ঘদিনের আস্থাও হুমকির মুখে পড়ছে।

৭২টি হামলার ঘটনায় মাত্র একটি মামলা কেন জানতে চাইলে ব্যাংকটির কেউ কথা বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘মামলা করতে হয় ব্যক্তির বাদী হয়ে। অবস্থা এখন এমন যে এই ব্যাংকটিই ছাড়তে চাচ্ছেন অনেক কর্মী। এই সময়ে কেউ বাদী হয়ে মামলা করবে এবং ব্যক্তিগত বিপদে পড়বে সেই দুশ্চিন্তায় আছে সবাই। এ সময়ে কেউ বাদী হতে চাচ্ছে না। আর হেড অফিসেরও তেমন কোনো নির্দেশনা নেই।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com