শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

বায়োগ্যাস প্রকল্পে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার পরিকল্পনা: যুব প্রতিমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্যোক্তাদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস উৎপাদন বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ জন্য প্রতি সপ্তাহে গ্রাম ও পাড়া-মহল্লায় গিয়ে মানুষকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হবে।

শনিবার (২১ নভেম্বর) সকালে সাভার যুব উন্নয়ন ইনস্টিটিউটের মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠপর্যায়ের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সকাল ১০টায় শুরু হওয়া সভা দুপুর পর্যন্ত চলে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস হতে পারে অন্যতম একটি মাধ্যম। গ্রামের গরু, হাঁস-মুরগির খামারগুলোকে কাজে লাগিয়ে বায়োগ্যাস উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। এ বিষয়ে খামারিদের উৎসাহিত করতে হবে। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ঋণপ্রাপ্তি সহজ করার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য উদ্যোগ নেওয়া হবে। এ জন্য নতুন করে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতি সপ্তাহে একটি করে গ্রাম বা পাড়া-মহল্লায় গিয়ে বায়োগ্যাস প্ল্যান্টের সুবিধা তুলে ধরতে হবে। এ বিষয়ে প্রচারের জন্য বুকলেট বা লিফলেট তৈরি করা হচ্ছে। চার মাস পরপর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তাঁদের কাজের অগ্রগতি, সফলতা ও সমস্যার বিষয়ে খোঁজ নেওয়া হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের কাজের মূল্যায়নে উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের পুরস্কৃত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, উপজেলা পর্যায়ের কার্যক্রমের মাসিক প্রতিবেদন নেওয়া হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রতি মাসে ১০ থেকে ১৫ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং ৬৪ জেলা থেকে পাঁচজন কর্মকর্তাকে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, যুব দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি বাস্তবায়নে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে কর্মকর্তাদের সনদ ও ক্রেস্ট দেওয়া হয়েছে। এর সঙ্গে প্রথম স্থান অর্জনকারীকে ২৫ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ২০ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ১৫ হাজার টাকা করে নগদ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়, কেয়ারগিভার প্রশিক্ষণ এবং তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কেয়ারগিভার প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে জনশক্তি রপ্তানি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

যুবকদের জন্য ‘যুব সেবা’ নামে একটি অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এই অ্যাপের মাধ্যমে যুবকেরা প্রয়োজনীয় বিভিন্ন সেবা পাবেন। এ ছাড়া ৫০৩টি উপজেলা ও জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরতে নিজস্ব ফেসবুক পেজ চালু এবং নিয়মিত তথ্য প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। প্রতিটি জেলায় চাকরিমেলার আয়োজন করে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের নিজস্ব যুব ব্যাংক প্রতিষ্ঠা এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আদলে ‘যুব কুঁড়ি উদ্যোক্তা’ প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। যুবকদের নিয়ে বিভাগীয় পর্যায়ে সমাবেশ আয়োজনেরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় স্বাগত বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন বায়োগ্যাস প্রকল্পের ওপর গুরুত্বারোপ করেন। দেশের কর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com