প্রথম সমাচার ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভুঞা সড়ক ও বসুরহাট-চৌধুরীহাট সড়কে এসব ঘটনা ঘটে। রোববার সকালে অগ্নিসংযোগ ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
জানা যায়, বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে বসুরহাট-দাগনভুঞা সড়কে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিকলীগ নেতা ওয়াসিম ও ফারুক প্রকাশ হাতকাটা ফারুকের নেতৃত্বে ৫-৬জন সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায়। এসময় তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে ফেসবুক ফেইজে আপলোড করে।
অন্যদিকে একই রাতে বসুরহাট-চৌধুরীহাট সড়কে দুর্বৃত্তরা গাছ কেটে ফেলে রেখে সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে গাছ সরানোর ব্যবস্থা করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাইরাল ওই ভিডিওতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, আমাদের নেতা আবদুল কাদের মির্জার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমাদের নেতার নেতৃত্বে আমরা এ কর্মসূচি সফল করেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এসময় তারা আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটান।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনার সাথে জড়িত দু’জনকে আমরা ইতোমধ্যে চিহ্নিত করেছি। নাশকতা ঠেকাতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

এই জন্য বাবুল এখন বিরোধী দলে, জামায়াত আমিরের বক্তব্যে মানসুরা