রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আল্লাহর দেওয়া বোনাস জীবন ভোগ করছি: আবু হানিফ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

যতদিন বেঁচে থাকবেন ততদিন অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চান গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি বলেন, ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আল্লাহর দেওয়া বোনাস জীবন ভোগ করছি।’

রোববার (২৯ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

আবু হানিফ বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে যখন মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পেত না, তখন তারা রাজপথে দাঁড়িয়ে হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী এলাকায় সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছেন।

সে সময়ের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, চোখের সামনে ও পাশে থাকা অনেক মানুষকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাতে দেখেছেন।

আবু হানিফ জানান, আন্দোলন চলাকালে র‍্যাব তাকে গভীর রাতে তুলে নিয়ে গুম করে রাখে। গুম অবস্থায় দুই দিন শারীরিক নির্যাতনের শিকার হন। প্রতিটি মুহূর্তে তার মনে হয়েছে, যেকোনো সময় ক্রসফায়ারের নামে হত্যা করা হতে পারে। পরে কারাগারেও থাকতে হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ৬ আগস্ট তিনি মুক্তি পান।

পোস্টে তিনি আরও বলেন, পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়ে বলছে, তাদের নেত্রী দেশে ফিরলে তাকে দেখে নেওয়া হবে। আশপাশের অনেকেই তাকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেন এবং যেকোনো সময় বিপদ হতে পারে বলে সতর্ক করেন।

হুমকির জবাবে গণঅধিকার পরিষদের এই মুখপাত্র বলেন, ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না। ৫ আগস্টের আগেই যেকোনো সময় তার জীবন শেষ হয়ে যেতে পারত। তখনও মৃত্যুর ঝুঁকি জেনেই অন্যায়ের বিরুদ্ধে রাজপথে ছিলেন, এখনো থাকবেন।

তিনি লেখেন, ‘জন্মেছি যখন, একদিন মৃত্যুবরণ করতেই হবে। ৫ আগস্টের সেই ভয়াবহ সময় পেরিয়ে আজও বেঁচে আছি। তাই মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আল্লাহর দেওয়া বোনাস জীবন ভোগ করছি।’

এই বোনাস জীবন অন্যায়ের কাছে মাথা নত করার জন্য নয়, বরং সত্য, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য বলে পোস্টে উল্লেখ করেন গণঅধিকার পরিষদের এই মুখপাত্র।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com