প্রথম সমাচার ডেস্ক:
পঞ্চগড়ের বোদায় পাঁচ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়ামের সন্ধানের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন তার সহপাঠী ও এলাকাবাসী। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে দুই ঘণ্টা অবরোধ করায় মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বোদা বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। পরে বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুবেল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, পৌরসভার সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম ও নিখোঁজ শিক্ষার্থী সিয়ামের বাবা মো. সল্লু ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সিয়াম বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ১২ নভেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। এরপর পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখায় হতাশা প্রকাশ করেন তারা।
তারা আরও বলেন, সাধারণ মানুষ ও তাদের সন্তানদের নিরাপত্তা কে দেবে? দ্রুত সময়ের মধ্যে সিয়ামের সন্ধানে সন্তোষজনক পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে সিয়ামের শিক্ষক-সহপাঠী, এলাকাবাসীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, চার দিন আগে সিয়ামের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের একটি দলও তাকে উদ্ধারে কাজ করছে। তবে সিয়াম মোবাইল ফোন ব্যবহার না করায় তাকে উদ্ধারের চেষ্টা কিছুটা বিলম্বিত হচ্ছে। তাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, কারখানার কার্যক্রম বন্ধের নির্দেশ
বিএনপির প্রধান সমস্যা তারা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে: সামান্তা শারমিন
‘বৌদি-ভাবি কালচার’ খতম, বন্ধুদের বাড়িতে না আনার ফতোয়া বিজেপি নেতার